'আলাপন'-এর পর 'আর একটিবার'

ঈদে আসছে নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীতপরিচালক বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবাম। নাম ‘আর একটিবার’। আগামী ৩ জুলাই লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে ছাড়া হবে।
বেলাল খানের সুর ও সংগীতে ২০১১ সালে ‘পাগল তোর জন্য রে’ গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন ন্যান্সি। গানটিতে কণ্ঠও দিয়েছিলেন বেলাল খান। এরপর তাঁর কণ্ঠে গাওয়া এক মুঠো স্বপ্ন, অল্প অল্প প্রেমের গল্প, যত দিন ধরে বাঁচি, ইস্টিশন এবং ভালোবাসি হয়নি বলা গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায়। বছর তিনেক আগে প্রকাশিত হয় এই গায়ক-সুরকার ও সংগীতপরিচালকের প্রথম একক অ্যালবাম ‘আলাপন’।|
অ্যালবাম প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘আমার প্রথম অ্যালবামে গানের বাণিজ্যিক দিকটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। এবারের অ্যালবামের গানগুলো নিরীক্ষাধর্মী। দুই বছর ধরে কাজ করেছি। অনেকগুলো গান থেকে বাছাই করে শেষ পর্যন্ত আটটি রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে বাণিজ্যিক ব্যাপারটাও আছে।’ বেলার বলেন, ‘সবাইকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, এই অ্যালবামে সবাই নতুন এক বেলাল খানকে পাবেন। শ্রোতাদের সবাইকে অনুরোধ করব গানগুলো শোনার।’
আর একটিবার অ্যালবামে গান থাকছে আটটি। এতে দুটি গানে বেলালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাবা ও উপমা। একটি গানের ডিজে ভার্সন করেছেন রাহাত। অ্যালবামের গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, মাহমুদ জুয়েল, ইকবাল খন্দকার, জীবন মাহমুদ ও আব্দুল কাদের মুন্না।
আর একটিবার অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সবগুলো গানেরই সুর করেছেন বেলাল খান। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, জেকে ও ইমন চৌধুরী (চিরকুট)।