১৫ বছর পর নিউইয়র্কে গাইবেন পবন দাস বাউল
‘ফিরে চল মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে নিউইয়র্কে শুরু হচ্ছে দেশ ও মাটির গান নিয়ে বিশেষ আয়োজন। এ আয়োজনে গাইবেন পবন দাস বাউল। বেঙ্গলি ক্লাব ইউএসের আয়োজনের মধ্য দিয়ে ১৫ বছর পরে নিউইয়র্কের লোকসংগীত উৎসবে গাইবেন তিনি। আয়োজনে অংশ নিতে প্যারিস থেকে নিউইয়র্কে রয়েছেন পবন দাস বাউল। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার এই উৎসব ৮ জুলাই (শনিবার) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের আহ্বায়ক দীপক দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন উৎসব উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রধান অতিথি শাহ নেওয়াজ এবং সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার ও প্রধান উপদেষ্টা সিতাংশ গুহ। পবন দাসের স্ত্রী লেখিকা মিমলু সেনও এতে অংশ নেন।
অনুষ্ঠানে সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সরকারি আয়োজনে লোকজ ও বাউল আঙ্গিকের গান বাদ দেওয়া হচ্ছে। আমাদের সঠিক শিকড়ের সন্ধান করতে লোকজ গানের বিশেষভাবে পরিচর্যা প্রয়োজন। তাই এ ধরনের আয়োজন দেশ–বিদেশে অগণিত হওয়া দরকার।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পবন দাস বাউল বলেন, ‘২০০৮ সালে আমেরিকানদের আয়োজনে এসেছিলাম নিউইয়র্ক। এবার এসেছি বাংলাদেশিদের আয়োজনে। আমার প্রাণের মানুষদের এই উৎসবে থাকতে পেরে অসম্ভব ভালো লাগছে।’
পবন দাস বলেন, ‘বাউল আর লোকজ গান কোনো দিন হারাবে না, কারণ এসব মানুষের নিজের গান। মাটির গান। মানুষ তা হৃদয়ে ধারণ করে রাখবে। এই বিশ্বায়নের যুগে লোকজ গানের সঙ্গে যেকোনো বাদ্যযন্ত্র যদি সুন্দর করে মিলে যেতে পারে, তাহলে আমরা আপন করে নেব।’
শাহ নেওয়াজ বলেন, ‘লোকজ গান নিয়ে এমন উৎসব নিউইয়র্কে আগে হয়নি। নিউইয়র্কে হবে মাটির মানুষের গান—কথাটি শুনেই আমি একাত্মতা ঘোষণা করে বললাম, এ অনুষ্ঠান সফল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।’
এ আয়োজনে বাউল কালা মিয়াসহ যুক্তরাষ্ট্র বিভিন্ন অঙ্গরাজ্য এবং লন্ডন থেকেও লোকজ শিল্পীরা আসবেন। থাকবে ধামাইল, পদাবলি কীর্তন, পুঁথিপাঠ, কবিগান, নৃত্যসহ নানা আয়োজন।