বিয়ের আগে অপি, বিয়ের পর জয়া, এরপর মম...

প্রিন্স মাহমুদ। ছবি: ফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেই খ্যাত প্রিন্স মাহমুদ। নব্বইয়ের দশকে তাঁর সুরে দেশের ব্যান্ডশিল্পীদের গাওয়া অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। মূলত সংগীতের মানুষ হলেও শিল্পের সব মাধ্যম নিয়েই তাঁর আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন প্রিন্স। এবার ফেসবুকে জানালেন তাঁর পছন্দের নায়িকাদের তালিকা।

আজ দুপুরে প্রিন্স মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন এমন কয়েকজন নায়িকার নাম, যাঁদের নানা সময়ে পছন্দ করতেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়েছে তাঁর পছন্দের নায়িকাও। এই যেমন এখন নায়িকা হিসেবে তাঁর পছন্দ পূজা চেরিকে। প্রিন্স লিখেছেন, ‘এখন পূজা চেরিকে ভালো লাগছে, সিরিয়াস ভালো লাগছে।’

প্রিন্স মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন এমন কয়েকজন নায়িকার নাম, যাঁদের নানা সময়ে পছন্দ করতেন তিনি

কেবল বর্তমান সময়ে নয়, এই গীতিকার-সুরকার জানিয়েছেন কৈশোরের পছন্দও। ক্লাস সিক্সে যেমন ভালো লাগত প্রখ্যাত দুই ভারতীয় অভিনেত্রীকে। প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘ক্লাস সিক্সে থাকতে স্মিতা পাতিলকে ভালো লাগত, বড় হওয়ার পর নন্দিতা দাসকে।’ এই নামগুলো অনেকের কাছে অপরিচিত হতে পারে, তাই মন্তব্যের ঘরে অভিনেত্রীদের ছবি ও তাঁদের কাজের কথাও শেয়ার করেছেন।

অপি করিম
ছবি : প্রথম আলো

কেবল ভারতীয় নয়, জানিয়েছেন দেশের পছন্দের অভিনেত্রীদের নামও। তিনি লিখেছেন, ‘বিয়ের আগে অপি, বিয়ের পর জয়া, এরপর মমকে ভাল্লাগত।’ তবে আগের মতো দেশের নতুন অভিনেত্রীদের কাজও যে তিনি দেখেন, নিয়মিত অনুসরণ করেন, সেটা বোঝা যায় তাঁর লেখা পরের কথাগুলোতে। প্রিন্স লিখেছেন, ‘গত ঈদে “লেডিস অ্যান্ড জেন্টেলমেন”-এর নায়িকা ফারিণ ক্লাসি।’ লেখার শেষে প্রিন্স মাহমুদ এটাও লিখে দিয়েছেন, এটা একটি সাময়িক পোস্ট।

জয়া আহসান
ছবি: সংগৃহীত

প্রিন্সের এই পোস্টের নিচে মন্তব্য করেছেন সাধারণ দর্শক থেকে তারকারাও। এই যেমন গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার লিখেছেন, ‘পপির কথা বললা না?’ উত্তরে প্রিন্স লিখেছেন, ‘অপির কথা লিখছি তো এডিট করে। ভুল করে “অ”র জায়গায় “প” লিখছ। অপিও সেই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হালকা হাসির ইমোজি।