জেনির ইয়টে রহস্যময় তরুণ; প্রেম নাকি প্রচারণা

কালো বিকিনি পরিহিত জেনির পেছনে বসা এক রহস্যময় তরুণকে দেখা গেছেকোলাজ

নীল সমুদ্রে ইয়টে বসে গাইছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। কালো বিকিনি পরিহিত জেনির পেছনে বসা এক রহস্যময় তরুণকে দেখা গেছে, যিনি জেনিকে জড়িয়ে ধরে আছেন।

২৩ জুলাই টিকটকে ভিডিওটি প্রকাশ করেছেন জেনি। ভিডিওতে দুজনের রোমান্টিক রসায়ন ফুটে উঠেছে।

সঙ্গে থাকা পুরুষটি কে? ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জেনি কি প্রেম করছেন? নাকি কোনো গানের ভিডিওর দৃশ্য? বিষয়টি নিয়ে জেনির অনুরাগীরা কৌতূহলী হয়ে উঠেছেন।

জানা গেছে, ওই তরুণ তাইওয়ানের মডেল কাই। জেনির নতুন গান ‘লেস দ্যান আ লাভার’–এর প্রচারণার অংশ হিসেবেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

এর আগেও কাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি পোলারয়েড ছবি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন জেনি।

এর মধ্যে গানের ভিডিওর টিজার প্রকাশ করেছেন জেনি। টিজারে জেনি ও কাইকে দেখা গেছে ঘনিষ্ঠ আবহে। দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছেন, হাত ধরে আছেন। কেউ কেউ বলছেন, তাঁরা হয়তো প্রেম করছেন।

আরেকটি শর্ট ভিডিওতেও জেনি ও কাইয়ের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে ‘লেস দ্যান আ লাভার’ গানটি গাইতে দেখা যায় জেনিকে। তাঁর পেছনে ছিলেন কাই। গান শেষ হওয়ার পর জেনি তাঁর কাছে গিয়ে হাত ধরেন এবং দুজন একসঙ্গে দৌড়াতে শুরু করেন।

গানটি ২৪ জুলাই বেলা ১টায় প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

চোসন ডেইলি অবলম্বনে