২৫ বছর পূর্ণ করল সাবকনসাস
জোহান, লুকান, শেহরিনা, নাবিল ও সুজয়—পাঁচ বন্ধুকে নিয়ে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে রক ব্যান্ড সাবকনসাস। ব্যান্ডটি আজ ২৫ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে আজ ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আইসসালা সলো কনসার্ট–১’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে সাবকনসাস।
ব্যান্ডটির গিটারিস্ট আহাদ অন্তর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছে, এটি সিরিজ কনসার্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরেও কনসার্টের পরিকল্পনা রয়েছে তাঁদের।
২০০২ সালে রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয় সাবকনসাস। আর জোহান হন সেরা গিটারিস্ট। এভাবে তাঁদের পরিচিতি অনেক বাড়িয়ে দেয় এই প্রতিযোগিতা। প্রজন্ম শিরোনামের একটি মিশ্র অ্যালবামে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম গান ‘ঝুমকা’।
২০০২ সালে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম মাটির দেহ। অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেন। এরপর তারার মেলা ও শিল্পের ঘর শিরোনামে আরও দুটি অ্যালবাম প্রকাশ করে সাবকনসাস।
চতুর্থ অ্যালবাম রূপকথার কাব্যর চারটি গান প্রকাশ করেছে এই ব্যান্ড।