হিপহপ গান দিয়ে বছর শুরু
গেল বছর মাকে হারিয়েছেন নিথর মাহবুব। তাই বছরটা তাঁর জন্য ছিল শোকের। এই শোককে শক্তিতে পরিণত করতে বছরজুড়ে নিজেকে নানা কাজে ব্যস্ত রেখেছেন এই শিল্পী এবং তার ফলও পেয়েছেন। বছরের শেষ দিকে এসে ত্রিদেশীয় ফিল্ম ফেস্টিভ্যাল ‘বাভাসি’ থেকে জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
এদিকে গতকাল রোববার দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘জবা’ নাটকের শুটিংয়ের মাধ্যমে নতুন বছরের শুটিং শুরু করছেন এই শিল্পী। আশিস রায়ের পরিচালনায় এই নাটকের শুটিংয়ের কাজে আগামীকাল সোমবার সারা দিন সাভারে কাটাবেন তিনি। অন্যদিকে বছরের শুরুতেই নতুন গান নিয়ে হাজির হয়েছেন নিথর মাহবুব। ‘নাইরে সুখ, নাইরে শান্তি’ শিরোনামের এই হিপহপ গ্রুপ সংটি থার্টি ফার্স্টের রাতে আরএস মিউজিক থেকে প্রকাশ পেয়েছে। গানটিতে নিথর মাহবুবসহ কণ্ঠ দিয়েছেন মুসাফা রাসু ও মাটির মামিন। গানের কথা লিখেছেন ও সুর করেছেন মাটির মামিন।
নিথর মাহবুব বলেন, ‘২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মাকে হারিয়েছি। এই শোক কাটাতে সারা বছর চেষ্টা করেছি বেশি বেশি কাজের সঙ্গে যুক্ত থাকতে। প্রচুর কাজ করেছি গেল বছর। ডিসেম্বর মাসজুড়েই ব্যস্ত ছিলাম। গত এক মাসে নিজের দল মাইম আর্ট থেকে “হাল ছেড়ো না” নামে একটি নাটকের নির্দেশনা দিয়েছি এবং অভিনয়ও করেছি।
বিজয় দিবস উপলক্ষে কাদামাটির সঙ্গে একটি ডান্স কোরিওগ্রাফিতে ও জাকির হোসেন রাজুর লেখা একটি মঞ্চনাটকে অভিনয় করেছি। পিপলস ইউনিভার্সিটির হয়ে নাসরিন মুস্তফার লেখা “জাদুর চেরাগ” নাটকে অভিনয় করেছি। এর বাইরে “অফিস মূকাভিনয়” টিভি নাটকের অভিনয় তো ছিলই। সব মিলিয়ে দারুণ ব্যস্ততায় কেটেছে বছরের শেষ দিনগুলো, নতুন বছরের সূচনাটাও খুব ভালো, সারা বছর এমন ব্যস্ততার মধ্যে থাকতে চাই।’