‘আপনি আর হয়তো ছয় মাস বাঁচবেন’, চিকিৎসকের এ কথায় যা করেছিলেন আদনান সামি

অতিরিক্ত ওজনের কারণে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন সংগীতশিল্পী আদনান সামিছবি: কোলাজ

অতিরিক্ত ওজনের কারণে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন সংগীতশিল্পী আদনান সামি। চিকিৎসকের শরণাপন্ন হলে সতর্ক করা হয়, ‘আপনি আর হয়তো ছয় মাস বাঁচবেন।’ চিকিৎসকের কথা শুনে ভেঙে পড়েছিলেন এই সংগীতশিল্পী। তাঁর বাবা সঙ্গে থাকায় বিষয়টি নিয়ে তার চেয়েও বেশি অস্বস্তিতে পড়েছিলেন তিনি। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাবার প্রতিক্রিয়া বদলে দেয় সবকিছু। বাবাকে কথা দেন, নিজেকে বদলে ফেলবেন। এরপরই শুরু হয় তাঁর ওজন কমানোর কঠিন যাত্রা।

আদনান সামি
ছবি: ফেসবুক

সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলেছেন আদনান সামি। তিনি বলেন, ‘অনেক বড় ধাক্কা খেয়েছিলাম। বেশি খারাপ লাগছিল, কারণ চিকিৎসক কথাটা বলার সময় আমার পাশে বাবা বসে ছিলেন। এমন পরিস্থিতিতে কাছের মানুষজন আপনার চেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন।’

আরও পড়ুন

প্রথমে চিকিৎসকের কথাকে বাড়াবাড়ি বলে মনে করেছিলেন আদনান সামি। বাবাকেও সেটাই বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বাবা তাঁকে বলেন, চিকিৎসক ভুল কিছু বলেননি। আদনান বলেন, ‘আমি বাবাকে বলেছিলাম, চিকিৎসক একটু বাড়াবাড়ি করছেন। কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, “সত্যি? তুমি কি সত্যিই তা মনে করো? আমি নিজেই তো দেখতে পাচ্ছি। তিনি ভুল কিছু বলছেন না। তিনি ঠিকই বলেছেন।”’
বাবার সেই কথায় নড়েচড়ে বসেন আদনান। তিনি বাবাকে প্রতিশ্রুতি দেন, ‘আমি ঠিক করে ফেলব। আমি ঠিক করে ফেলব।’ আদনানের ভাষায়, সেই প্রতিশ্রুতিই তাঁর জীবনে পরিবর্তনের শুরু।

আদনান সামি
ছবি: ফেসবুক

সর্বোচ্চ প্রায় ২৩০ কেজি ওজন হয়েছিল আদনান সামির। পরে প্রায় ১২০ কেজি ওজন কমান তিনি। তবে সেই পথ ছিল কঠিন। কঠোর খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনযাপনে বড় পরিবর্তন আনতে হয়েছিল তাঁকে।

অনেক পরিশ্রমের পরও কখনো কখনো আশানুরূপ ফল পেতেন না আদনান সামি। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড পরিশ্রম করেছি। অনেক সময় ব্যায়াম করেছি, না খেয়ে থেকেছি, অনেক কিছু থেকে নিজেকে বঞ্চিত করেছি। এরপর এক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর দেখতাম, মাত্র আধা কেজি ওজন কমেছে।’

এতে হতাশ হয়ে পড়তেন তিনি। তবে নিজেকে বুঝিয়েছেন, ওজন কমানোর পথে এমন স্থবিরতা আসতে পারে। এই সংগীতশিল্পী বলেন, ‘তখন মনে হতো, এত পরিশ্রম করে এই ফল! এটা ভীষণ হতাশাজনক। কিন্তু নিজেকে মনে করিয়ে দিতে হয়, কখনো কখনো ওজন কমার ক্ষেত্রে স্থবিরতা আসে। তখনো চালিয়ে যেতে হয়। এর জন্য অনেক দৃঢ়তা ও ইচ্ছাশক্তি প্রয়োজন।’

আদনান সামি
ছবি: ফেসবুক

ওজন কমানোর পর তাঁর এই পরিবর্তন নিয়ে প্রশ্নও উঠেছিল। অনেকে দাবি করেছিলেন, অস্ত্রোপচারের মাধ্যমে ওজন কমিয়েছেন আদনান সামি। তবে সেই দাবি নাকচ করেছেন তিনি। তাঁর কথায়, ‘অনেকেই এমন কথা বলেছেন। আপনি যখন কোনো কিছু অর্জন করবেন, তখন সমালোচনা করার মানুষ থাকবেই। তাঁরা আপনার পরিশ্রমকে ছোট করে দেখাতে চান। বলবেন, “অনেক অস্ত্রোপচার করিয়েছে।” এসব বাজে কথা।’

নিজের ওজন কমানোর অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন আদনান সামি। ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার ছাড়াই খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনযাপনে পরিবর্তন এনে এই রূপান্তর ঘটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।


এনডিটিভি অবলম্বনে