লেখার কথা ভাবেননি, সেই গোলাম মোর্শেদই ২৫ বছর ধরে লিখে যাচ্ছেন একের পর এক মৌলিক গান
নতুন গান নিয়ে আসছেন গীতিকবি গোলাম মোর্শেদ। বিরহের গানের লেখক হিসেবে পরিচিত হলেও এবার তিনি লিখেছেন প্রেমের গান। বিজয় মামুনের সুর ও সংগীতায়োজনে ‘ছু মন্তর ছু’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। এবারের ঈদে ‘গানজানালা’ ও গানজানালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।
যিনি কখনো গান লেখার কথা ভাবেননি, সেই গোলাম মোর্শেদ প্রায় ২৫ বছর ধরে লিখে যাচ্ছেন একের পর এক মৌলিক গান! সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের কথায় প্রথম গান লিখেছিলেন। এরপরই শুরু হয়েছে গীতিকবি হিসেবে তাঁর পথচলা।
কবিতা পড়তে, গান শুনতে ভালোবাসতেন গোলাম মোর্শেদ। লাকী আখান্দের কণ্ঠে ‘আজ আছি কাল নেই, অভিযোগ রেখো না’ এবং ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গানগুলো তাঁর মনে দাগ কেটে যায়। তাই তিনি খুঁজে বের করেন লাকী আখান্দ্কে। গানের প্রতি ভালোবাসা থেকেই তাঁর সঙ্গে গোলাম মোর্শেদের পরিচয়। আস্তে আস্তে তাঁদের মধ্যে গড়ে ওঠে সখ্য।
গোলাম মোর্শেদ পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। তাঁর অফিসেই নিয়মিত আড্ডায় মেতে উঠতেন তাঁরা। তাঁদের এই আড্ডায় যোগ দিয়েছিলেন বারী সিদ্দিকীও। এই আড্ডায় হঠাৎ একটা আবদার করে বসেন লাকী আখান্দ্। তিনি অনেক দিন কোনো গান সুর করেন না। তিনি একটা গানে সুর করতে চাচ্ছেন। আর এই গান লিখতে বললেন গোলাম মোর্শেদকে। শখের বসে মাঝেমধ্যে কয়েকটা কবিতা লিখেছিলেন কিন্তু গান লেখা!
লাখী আখান্দ্ থেকে উৎসাহ পেয়ে শুরু করলেন। লিখে ফেললেন, ‘ভালোবেসে ভুল ছিল যত, তোমাকে ততখানি ভুলে যাওয়া হলো না আমার’ গানটি। এরপর মাত্র ৩০ মিনিটেই এই গানের সুর করে ফেলেন লাকী আখান্দ্। এই গানে কণ্ঠ দিয়েছিলেন সামিনা চৌধুরী। এভাবেই শুরু হয়ে গেল ব্যবসায়ী গোলাম মোর্শেদের গীতিকবি হওয়ার যাত্রা।
ব্যবসার পাশাপাশি শুরু করলেন গান লেখা। প্রকাশ করলেন প্রথম অ্যালবাম ‘বিতৃষ্ণা জীবন আমার’। ১২টি গানের এই অ্যালবামটি ছিল ব্যান্ড ও আধুনিক গানের মিশ্র অ্যালবাম। গোলাম মোর্শেদের লেখা এবং লাকী আখান্দের সুরে এই অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় গায়ক জেমস, আইয়ুব বাচ্চু, হাসান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও সামিনা চৌধুরী। এর পর থেকেই গানের ভুবনে গীতিকবি হিসেবে বিষয়ভিত্তিক গান লিখে চলছেন তিনি। ২৫ বছর ধরে চলছে তাঁর এই পথচলা। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
গীতিকবি গোলাম মোর্শেদের ইচ্ছা ছিল গানের একটা জায়গা তৈরি করা। তারই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের মাঝামাঝি পথচলা শুরু হয় ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম ‘গানজানালা’র। এই ওয়েবসাইট নিয়মিত প্রকাশ করা হয়, আপাতত গোলাম মোর্শেদের লেখা মৌলিক গান। এসব গানে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, কাঙালিনী সুফিয়া, কলকাতার রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ ছাড়া ‘গানজানালা’র মৌলিক গানগুলোতে আরও কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা, নিপো তানভীর আলম সজীব, স্বরলিপি, বিজয় মামুন, সজল, রূপক আকন্দ প্রমুখ। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য বাংলাদেশের গান এবং বাংলার গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।
এই অনলাইন প্ল্যাটফর্মেই ‘গানজানালা’য় ঈদে প্রকাশ পাবে তাঁর লেখা ‘ছু মন্তর ছু’ গানটি। কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা।