গাইলেন মুজা ও সানজানা, নাচলেনও
‘মাইয়ার কথা আমার এত ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’—এমন কথায় ‘মাইয়া’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী মুজা ও সানজানা।
গাওয়ার পাশাপাশি গানের ভিডিও চিত্রে নেচেছেনও তাঁরা। ৮ নভেম্বর নিজের ইউটিউব চ্যানেলে গানের ভিডিও চিত্রটি প্রকাশ করেছেন মুজা। তিন দিনে ভিডিওটি ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালো লাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বের কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’
মুজা বলেন, ‘বিয়ের মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। গানটি আমার কাছে খুবই স্পেশাল (বিশেষ)। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে।’
‘মাইয়া’ নিয়ে সানজানা বলেন, ‘গানটি তৈরি শুরুর গল্পটা সিনেমার দৃশ্যের মতো। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। রাতে ড্যান্স প্র্যাকটিস, সকালে রেকর্ডিং—ঘুম ছিল না। সব স্বপ্নের মতো মনে হয়েছে।’
খানিকটা রসিকতার ছলে মুজা বলেন, ‘আমি সম্ভবত সবচেয়ে খারাপ নৃত্যশিল্পী। আমি কখনো এভাবে ড্যান্স করিনি, কিন্তু গানে এটা দরকার ছিল, তাই করেছি। আমি বাধা অতিক্রম করতে পছন্দ করি।’
গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন পার্থ শেখ। কোরিওগ্রাফি হৃদি শেখ।
‘নয়া দামান’, ‘ঝুমকা’, ‘বেণি খুলে’র মতো জনপ্রিয় গান দিয়ে পরিচিতি পেয়েছেন মুজা। তরুণ সংগীতশিল্পী সানজানা মডেল হিসেবেও পরিচিত। ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গান করেন।