শুরু হলো উদীচীর সত্যেন সেন গণসংগীত উৎসব

উৎসবের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরাছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এবারের উৎসবের উদ্বোধন করেন উদীচীর উপদেষ্টা ও লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। তিন দিনব্যাপী উৎসব শেষ হবে রোববার। প্রতিবছর উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে কেন্দ্র করে এ উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উৎসবের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। উদ্বোধন ঘোষণার সময় ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত হয়। এ সময় নানা রঙের আবির ছড়িয়ে দিয়ে নেচেগেয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা।

আলোচনা পর্বে বক্তব্য দেন সংস্কৃতিজন ম. হামিদ, গণসংগীতশিল্পী কফিল আহমেদ, উৎসবের আমন্ত্রিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীতশিল্পী কংকন ভট্টাচার্য্য প্রমুখ। এ ছাড়া আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে আলোচনা পর্বের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান উদীচীর কেন্দ্রীয় নেতারা।

উদ্বোধন ঘোষণার সময় ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত হয়
প্রথম আলো

এবারের গণসংগীত উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চে একক গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী কংকন ভট্টাচার্য্য, ফকির সিরাজ, কফিল আহমেদ, তানভীর আলম, সুরাইয়া পারভীন, আবিদা রহমান ও শিল্পী আকতার। আর দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করে ঋষিজ, বহ্নিশিখা, সহজিয়া, ভিন্নধারা ও উদীচী।

শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় জাতীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা। জেলা পর্যায়ের পর যেসব প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন, তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ (দলীয়) এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল ওয়াদুদ, মাহমুদ সেলিম, বিশ্বজিৎ রায় ও শাহীন সরদার।

উৎসবের উদ্বোধন করেন উদীচীর উপদেষ্টা ও লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি
তানভীর আহাম্মেদ

জাতীয় গণসংগীতের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনার অপলা সাহা। দ্বিতীয় হয়েছেন বগুড়ার সৌমিকা লাহিড়ী। আর তৃতীয় হয়েছেন নেত্রকোনার আইরিন জাহান। ‘খ’ বিভাগে প্রথম প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের তনুশ্রী পাল শ্রেয়া। দ্বিতীয় হয়েছেন সিরাজগঞ্জের আনন্দ কুমার দাস। তৃতীয় হয়েছেন দিনাজপুরের বর্ণমালা ইসলাম। ‘গ’ বিভাগে জাতীয় পর্যায়ে সেরা হয়েছেন রাজবাড়ীর মো. আওয়াল মোল্লা, দ্বিতীয় হয়েছেন যশোরের মুস্তাহীদ হাসান এবং তৃতীয় হয়েছেন ঠাকুরগাঁওয়ের অরুণ চন্দ্র বর্মণ।

এ ছাড়া, ‘ঘ’ অর্থাৎ দলীয় বিভাগে সেরা হয়েছে উদীচী নোয়াখালী জেলা সংসদ। দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে উদীচী মাদারীপুর জেলা সংসদ এবং মৌলভীবাজার জেলা সংসদ। আর তৃতীয় স্থান অর্জন করেছে বরিশালের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

নানা রঙের আবির ছড়িয়ে দিয়ে নেচেগেয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা
তানভীর আহাম্মেদ

উৎসবের দ্বিতীয় দিন কাল শনিবার বিকেল ৪টা থেকে শুরু হবে আলোচনা পর্ব। এতে আলোচনা করবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ, উৎসবের আমন্ত্রিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসংগীতশিল্পী মন্দিরা ভট্টাচার্য্য, গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার ও জামসেদ আনোয়ার। এ ছাড়া শহীদ মিনার প্রাঙ্গণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের গণসংগীতসহ দেশের স্বনামধন্য গণসংগীতের সংগঠন ও শিল্পীদের সংগীতে মুখর হবে।