তিন দশকে পেন্টাগন, আসছে নতুন গান
এই অক্টোবরে পথচলার ৩০ বছর পূর্ণ করেছে ব্যান্ড পেন্টাগন। সময়টাকে উদ্যাপন করতে ব্যান্ডের বর্তমান সদস্যরা নতুন উদ্যমে গান প্রকাশে মনোযোগী হচ্ছেন। চলছে নিয়মিত জ্যামিং। তিন দশক পূর্তিতে জেনে নেওয়া যাক তাদের পথচলার গল্প ও স্বপ্নের কথা
পাঁচ বন্ধু নিয়ে পেন্টাগন ব্যান্ডের পথচলা শুরু। তিন দশকে যাওয়া–আসায় ছিলেন সদস্যদের কেউ কেউ। কেউ আলাদাভাবে সফলও হয়েছেন। আবার একটা সময় ফিরেছেন। শুরুর দিকে ইংরেজি, লাতিন, আরবি, জ্যামাইকান কাভার সং করত এই ব্যান্ড। এরপর মনোযোগী হয় নিজেদের লেখা, সুরের গান তৈরিতে। প্রতিষ্ঠার ৯ বছরে ২০০২ সালে প্রথম অ্যালবাম ‘সেই আমি’ প্রকাশ করে।
৩০ বছর পূর্তি উপলক্ষে পেন্টাগন ব্যান্ড ঢাকার গুলশান ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। কাল সন্ধ্যার সেই আয়োজনে সদস্যরা জানাবেন তাঁদের সংগীতভ্রমণের গল্প। কয়েক ঘণ্টার এই আয়োজনে ব্যান্ডটি নিজেদের গান শোনাবে। থাকবে ব্যান্ডের বাইরে নিজেদের পছন্দের গানও।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যান্ডের সদস্যরাও উপস্থিত থাকবেন। তারকা শিল্পীদের কেউ কেউ এই আয়োজনে পেন্টাগনের সঙ্গে মঞ্চে গাইতে পারেন।
প্রতিষ্ঠাতা সদস্য সুমন জানালেন, এটা তাঁদের মিউজিক্যাল জার্নির গল্প জানানোর আয়োজন। দীর্ঘ এই সংগীতসফরে জড়িয়ে আছে অনেক আবেগ, রাগ-অনুরাগ। অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। এই সময়ে তাঁদের সঙ্গে দেশের অনেক গুণী মিউজিশিয়ান যোগ দিয়েছেন। আবার অনেকে নিজেদের প্রয়োজনে ব্যান্ড ছেড়েছেন। দল ছেড়ে দেওয়া সবাই কিন্তু মানসিকভাবে এখনো তাঁদের সঙ্গেই আছেন। এই আয়োজনে সেটাই মনে করিয়ে দিতে চান তাঁরা।
ব্যান্ডের শুরু কীভাবে হয়েছিল? খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আলী সুমন ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে, শামসুন নূর রঞ্জন সিঙ্গাপুর এয়ারলাইনসে, মশিউর রহমান শেলী সিলেট চা-বাগানে, জাবেদ আহমেদ বাবু ব্যবসা নিয়ে ঢাকায় আর শওকত আলী ইমন পুরোপুরি গান নিয়ে ব্যস্ত ছিলেন। চাকরি আর ব্যবসা করলেও তাঁরা সবাই বিভিন্ন ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই পাঁচজনকে একত্র করে সুমন উদ্যোগ নেন ব্যান্ড গঠনের। ১৯৯৩ সালের ১৩ অক্টোবর পথচলা শুরু করে নতুন ব্যান্ড—পেন্টাগন।
৯ বছর কাভার গান করার পর প্রথম অ্যালবাম সেই আমি প্রকাশিত হয়। দ্বিতীয় অ্যালবাম প্রকাশে ব্যান্ডটি সময় নেয় সাত বছর। ২০০৯ সালে দ্বিতীয় অ্যালবাম এইট ওক্লক প্রকাশিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের আগে ব্যান্ডে যোগ দেন আলিফ আলাউদ্দিন। ২০০৯ সালে বেরিয়ে যান। ২০১৭ সালে আবার ফিরে আসেন। গতকাল রোববার সন্ধ্যায় আলিফ বললেন, ‘পেন্টাগন অনেক কিছু শিখিয়েছে। আমার সংগীতের শিক্ষার ৭০-৮০ ভাগ এই ব্যান্ড থেকে পেয়েছি। জীবনের আরেকটা বড় পাওয়া আমার হাজব্যান্ড ফয়সাল, ও যেহেতু ব্যান্ডে ছিল, ওখান থেকেই পরিচয়। এরপর ভালো লাগা। ব্যান্ডের প্রতিষ্ঠাতা আমার মামা। একটা সময় খালাতো ভাই ফারশিদও জয়েন করে। সব মিলিয়ে পরিবারের মতো। যখন ইচ্ছা গান করি। সেটা বাসায় হোক বা কনসার্টে।’
ব্যান্ড নিয়ে আলিফ স্বপ্নের কথাও শোনালেন। তিনি বললেন, ‘৩০ বছরে অনেক অ্যালবাম হয়তো আমাদের হয়নি। তবে সবারই কমবেশি একক গান আছে। ভবিষ্যতে ব্যান্ডের নতুন গানে বেশি মনোযোগী হব। লম্বা সময় ধরে টিকে আছে, আমরা এটা উদ্যাপন করছি। এই উদ্যাপন থেকেই নতুন গান তৈরির মিশন শুরু হবে।’
প্রথম অ্যালবাম প্রকাশের আগেই ইমন পেন্টাগন ছাড়েন। যোগ দেন আনান। তার কিছুদিন পর যোগ দেন টিপু (ওয়ারফেজ)। প্রথম অ্যালবাম প্রকাশের পর আনান, বাবু ও শেলী পেন্টাগন ছেড়ে নিজেদের মতো করে ব্যস্ত হয়ে পড়েন। এরপর একে একে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে যোগ দেন জীবন, বালাম, মাহবুব, মবিন, শামস মুনসুর গনি, ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, আনিতাসহ আরও অনেকে।
৩০ বছরের পথচলায় কতটা চ্যালেঞ্জ ছিল? এমন প্রশ্নে সুমন বলেন, ‘কোনো কিছুতে হার মানিনি। ধৈর্য ধরেছি। বিশ্বাস করেছি, ব্যান্ড নিয়ে আমি এগিয়ে যাবই। এ ক্ষেত্রে আমরা সফলও হয়েছি বলে বিশ্বাস করি।’ কথায়–কথায় সুমন এ–ও বললেন, ‘পেন্টাগন ব্যান্ডের যাত্রা বিচিত্র ও আনন্দদায়ক। একটা ব্যান্ড লম্বা সময় টিকে থাকলে যা যা হয়, আমাদের ক্ষেত্রে সবই হয়েছে। তার মধ্যে সুখের ভাগটাই বেশি।’
সুমনের সন্তান ইয়ানিও এখন ব্যান্ডে যোগ দিয়েছেন। গিটার বাজান। ভবিষ্যতে ব্যান্ড নিয়ে কী স্বপ্ন দেখেন? প্রতিষ্ঠাতা সদস্য তা জানালেন এভাবে, ‘পরবর্তী প্রজন্মে যারা আছে, তাদের মধ্যে আলিফ, ফয়সাল ও আমার ছেলে ইয়ানিও, তারা যেন পেন্টাগনের ঐতিহ্য ধরে রাখে। আমাদের একটা স্টাইল ও দর্শন আছে, এটা নিয়েই যেন তারা এগিয়ে যায়।’ আরেক সদস্য মোর্শেদ বললেন,‘বিভিন্ন স্টাইলের গান করতাম। এনজয়ও করতাম সবাই। সব মিলিয়ে অনেক চমৎকার ছিল আমাদের যাত্রা। আর সবার টার্গেট এক জায়গায় হলে ব্যান্ড টিকে, বেঁচে থাকে—সেটাই চাওয়া থাকল।’
প্রিয় পাঁচ গান
১. বৃষ্টি
২. সংশয়
৩. বাংলাদেশ
৪. ভেসে এসো
৫. সন্ধ্যা আকাশ
বর্তমান লাইনআপ
সুমন (ভোকাল অ্যান্ড রিদম গিটার), আলিফ (ভোকাল), মোর্শেদ (বেজ গিটার), টিপু (পারকাশন), ফয়সাল (গিটার), ইয়ানি (গিটার), মৃদুল (ড্রামস), জয় (কি-বোর্ড)।