আজ মুক্তি পাবে ‘মিউজিক@ডেস্ক’

ফাতেমা তুজ জোহরাছবি : খালেদ সরকার

প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’–এ ১ আগস্ট গাইতে এসেছিলেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। ধারণ করা পর্বটি আজ রাত ৯টায় প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রথম আলোর এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রথম আলোর কার্যালয়ে সেদিন গান শোনান ফাতেমা তুজ জোহরা। শুরুতেই কণ্ঠে তুলে নেন রবীন্দ্রসংগীত ‘আছে দুঃখ, আছে মৃত্যু’। পরে শোনান আরেকটি রবীন্দ্রসংগীত ‘এ মণিহার আমায় নাহি সাজে’। তৃতীয় গান হিসেবে গলায় তুলে নিলেন বিখ্যাত নজরুলগীতি ‘মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে’। গানটির সঙ্গে আলাদা করে নজর কাড়ে বাঁশির সুর। তালিকায় চতুর্থ গান ছিল ‘কোথায় তুই খুঁজিস ভগবান’।

দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি তোমার কাছে ভাসিয়া যায়’ দিয়ে শ্রোতাদের মন বেদনাবিধুর করে তোলেন শিল্পী। পরে আবার নজরুলসংগীতে ফিরে যান; একে একে শোনান ‘তেপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি’, ‘নাচের নেশার ঘোর লেগেছে’, ‘এসো প্রিয়’, ‘মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে’। ‘তেপান্তরের মাঠে’র সুরেই অসমের একটা লোকগীতিও গেয়ে শোনান। সবশেষে কণ্ঠে তুলে নেন গীতিকার ও সুরকার হাবিবুর রহমানের ‘তুমি বেশ বদলে গেছ, পুরোনো সৈকতে আর পানসি ভিড়াও না’।

শেষে আয়োজনটি নিয়ে ফাতেমা তুজ জোহরা বলেছিলেন, ‘আপনাদের সামনে গান করতে পেরে বেশ ভালো লাগল। মনে হচ্ছিল, ঘরে বসেই গান গাইছি। কারও কিছু মাইন্ড করার নাই। কারও কিছু রিয়্যাক্ট করার নাই। সবাই মন দিয়ে শুনছে। আমি কোনো প্রত্যাশাই করি নাই, একটি পত্রিকা অফিসে এমন শ্রোতা পাব। আমার কাছে মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন

পুরো আয়োজনে ফাতেমা তুজ জোহরার গানের সঙ্গে সংগত করেন পল্লব সান্যাল (তবলা), তানভীর সজীব (কি-বোর্ড), মামুনুর রশীদ (বাঁশি)। কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে এটি ছিল ‘মিউজিক@ডেস্ক’–এর ১৫তম আয়োজন।