ফিরল ‘চুমকি’, পান্থ কানাইয়ের নতুন গানে বাসার–পারসার চমক
বাংলা গানের ভান্ডারের জনপ্রিয় এক সৃষ্টি ‘চুমকি চলেছে একা পথে’। খুরশীদ আলমের কণ্ঠে ‘দোস্ত দুশমন’ সিনেমায় গানটি একসময় তুমুল জনপ্রিয়তা পায়। পরে পান্থ কানাই গানটি নতুনভাবে উপস্থাপন করলে সেটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় বহু বছর পর এবার ঈদে ‘চুমকি’ নিয়ে নতুনভাবে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী। নতুন গানটির শিরোনাম ‘আবার চুমকি’।
ঈদের দিন সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওতে তুলে ধরা হয়েছে ষাট-সত্তর দশকের আবহ, যেখানে পুরোনো বাংলা সিনেমার নস্টালজিয়া নতুনভাবে ফুটে উঠেছে।
গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘খুরশীদ আলমের গাওয়া “চুমকি চলেছে একা পথে”একটি কালজয়ী গান। সেই গান নতুনভাবে করার পর দারুণ সাড়া পেয়েছিলাম। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে “আবার চুমকি”। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে এবং ঈদের আনন্দ আরও বাড়াবে। ভিডিওতেও আমি অংশ নিয়েছি।’
মডেল খায়রুল বাসার বলেন, ‘এই গানটি আমাদের প্রজন্মের কাছেও খুব জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় “আবার চুমকি”-তে কাজ করতে পেরে ভালো লেগেছে। অংশু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তাঁর ভিডিও সব সময়ই দৃষ্টিনন্দন হয়। গানটিতে উৎসব আর আনন্দের একটি সুন্দর মুড আছে, যা দর্শকদের ভালো লাগবে।’
পারসা ইভানার সঙ্গে এই প্রথম জুটি হয়ে কাজ করেছেন বাসার। ভিডিওতে তাঁদের ভিন্ন এক লুকে দেখা যাবে, যেখানে ষাট-সত্তর দশকের স্টাইলকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘এটি মূলত গল্পভিত্তিক ভিডিও নয়, বরং একটি ফান-লাভিং, আনন্দময় গান। “চুমকি চলেছে একা পথে”র ঐতিহ্য মাথায় রেখে নতুনভাবে ভিডিওটি নির্মাণ করেছি। সেট, কস্টিউম ও পারফরম্যান্স—সবকিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা ছিল।’
গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘“চুমকি চলেছে একা পথে”বাংলা গানের এক অমূল্য সম্পদ। খুরশীদ আলমের পর পান্থ কানাই গানটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। “আবার চুমকি”সেই ধারাবাহিকতাকেই আরও এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’