কানাই দাস শুনে যেতে পারলেন না...

শিল্পী কানাই দাস বাউলছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

বাংলা সিনেমায় লোকজ সংস্কৃতি, মিথ ও মানবিক আবেগ তুলে ধরার ক্ষেত্রে পরিচালক মেজবাউর রহমান সুমন ইতিমধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করেছিল। লোককথা, মিথ এবং সমকালীন বাস্তবতার মিশেলে নির্মিত সেই চলচ্চিত্র যেমন দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়, তেমনি এর গানগুলোও আজও সমানভাবে আলোচিত ও সমাদৃত।

‘রইদ’ সিনেমার ট্রেলারে তুষি
ছবি: ভিডিও থেকে

সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘রইদ’ ইতিমধ্যে দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছে। কিছুদিন আগে প্রকাশিত প্রথম গান ‘রইদ আইলা গা জুড়াইতে’ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই আবহের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’।

এই গানের রচয়িতা মাতান চাঁদ গোস্বামী (গোসাই) বাংলার লোকসংগীতধারার এক প্রখ্যাত বাউল সাধক ও মহাজনি পদাবলির রচয়িতা। গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল। সদ্য প্রয়াত এই বাউল বছর দেড়েক আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
‘রইদ’ চলচ্চিত্রে গানটির নতুন সংগীতায়োজন করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক ইমন চৌধুরী। দেশীয় লোকবাদ্যের আবহের সঙ্গে আধুনিক ওয়েস্টার্ন ট্র্যাকের সংমিশ্রণে তিনি গানটিকে দিয়েছেন এক সমকালীন অথচ শিকড়নির্ভর আবহ।

মেজবাউর রহমান সুমন
ছবি : ফেসবুক

গানটি প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘মেজবাউর রহমান সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা সব সময়ই আমার জন্য সৌভাগ্যের। এর আগেও আমরা একসাথে অনেক অসাধারণ কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য আরও স্পেশাল, কারণ সদ্য প্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’

ইমন আরও বলেন, ‘শুরু থেকেই এই গানটির প্রতি আমাদের এক অন্য রকম অনুভূতি ছিল। গানটিতে একধরনের হাহাকার আছে, আছে নীরবতার গভীরতা। আমি এবং আমার পুরো মিউজিক টিম চেষ্টা করেছি যেন দেশীয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে গানটিতে একটি ‘‘ইনফিনিট ফিল’’ দেওয়ার চেষ্টা করেছি।’

আরও পড়ুন

মূলত প্রেমের গল্প নিয়েই ‘রইদ’ সিনেমা। সিনেমায় রোমান্টিকসহ বিভিন্ন ধরনের গান ব্যবহার হয়েছে বলে জানান নাজিফা তুষি। ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটি নিয়ে তুষি বলেন, ‘সিনেমার এটাই একমাত্র গান, এই গানটি শুনে পুরো সিনেমা শুটিং করেছি। চরিত্রায়ণে গানটি আমাকে দারুণ সহায়তা করেছিল। আজ সেই গানটি রিলিজ হয়েছে। এখন দেখলাম গানটি আগের চেয়ে একেবারেই আলাদা। চিন্তাই করতে পারি নাই, গানটা এতটা ভালো হতে পারে। গানটি অনেক বেশি ইমোশন রয়েছে। এটা আমার খুব পছন্দের গান।’

গানটি নিয়ে চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘মাতান চাঁদ গোসাইয়ের ‘‘মন ছাড়া কী মনের মানুষ রয়’’ গানটি আমি বহু বছর ধরে শুনে আসছি। গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সব সময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। যখন ‘রইদ’-এর চিত্রনাট্য লিখছিলাম এবং সিনেমাটির ডেভেলপমেন্ট চলছিল, তখন এই গানটি আমি বারবার শুনতাম। কানাই দাস বাউল অসাধারণ মায়া মাখা কণ্ঠে গানটি গাইতেন।’

সুমন আরও বলেন, ‘খুব দুঃখের বিষয়, গানটি কানাই দাস বাউলের মৃত্যুর পর প্রকাশ পাচ্ছে। সত্যি বলতে, তাকে যদি এই কাজটি শোনাতে পারতাম, খুব ভালো লাগত। কিন্তু তিনি শুনে যেতে পারলেন না। তবে তাঁর সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।’

সুমন প্রথম আলোকে জানান, গানটি কানাই দাস বাউলকে উৎসর্গ করা হয়েছে।