গুলিবিদ্ধ আলোচিত গায়ক, হাসপাতালে ভর্তি

র‍্যাপার অফসেট। এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হয়েছেন আলোচিত মার্কিন র‌্যাপার অফসেট। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তাঁর প্রতিনিধি। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে অফসেটের মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ফ্লোরিডার ভ্যালেট এলাকায়। তবে ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ক্যাসিনোর কাছাকাছি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সেমিনোল পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, সোমবার সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে ভ্যালেট এলাকায় একটি ঘটনা ঘটে, যেখানে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর নয় বলেও জানানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। হোটেলের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

৩৪ বছর বয়সী এই শিল্পীর আসল নাম কিয়ারি সিফাস। গত এক দশকের বেশি সময় ধরে তিনি জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে পরিচিতি পান। কোয়াভো ও টেকঅফের সঙ্গে মিলে তিনি এই দল গঠন করেন। ‘ব্যাড অ্যান্ড বুজি’–এর মতো হিট গান ও ‘কালচার’–এর মতো অ্যালবামের মাধ্যমে তারা গত দশকের অন্যতম প্রভাবশালী র‌্যাপ গ্রুপে পরিণত হয়।

আরও পড়ুন

২০১৯ সালে অফসেট একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ‘ফাদার অব ৪’ অ্যালবামের মাধ্যমে। এরপর ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারা’ প্রকাশ করেন।
২০২২ সালে অফসেটের চাচাতো ভাই ও সহশিল্পী টেকঅফ হিউস্টনে গুলিতে নিহত হন। পরের বছর এক সাক্ষাৎকারে সেই শোকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘প্রতিদিন মনে হয়, এটা সত্যি নয়। আমি কারও সঙ্গে এ নিয়ে কথা বলি না।’
এই নতুন হামলার ঘটনায় তাঁর ভক্ত ও সংগীতজগতের সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভ্যারাইটি অবলম্বনে