নারী দিবসে জয়বাংলা কনসার্টে বিশেষ আয়োজন
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে গানের ছন্দে মেতে উঠতে আগামীকাল ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’ নারী দিবস উদ্যাপনে জয় বাংলা কনসার্টে নারীদের যোগ দেওয়ার আহ্বান জানায়। নারীদের আলাদা বিশেষ নিবন্ধনও চালু করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজিত হয়ে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি। পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে এবার আয়োজন করা হচ্ছে ৮ মার্চ।
সর্বশেষ আয়োজনে কনসার্টে প্রথমবার যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।
এবারের কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’। কনসার্টে অংশগ্রহণের জন্য বুধবার (১ মার্চ) থেকে নিবন্ধন শুরু হয়,যা চলছে এখনও। কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যের সংগঠন ইয়াং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।
http: //ticket. youngbangla. org/ লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে।
রেজিস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে যেন রেজিস্ট্রেশনের জন্য দেওয়া নামের সম্পূর্ণ মিল থাকে। সব কিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘সাবমিট অ্যান্ড গেট ফ্রি টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।