সমরজিৎ ও প্রিয়াংকার নতুন গান ‘রাইকিশোরী’

সমরজিৎ ও প্রিয়াংকা গোপ দুজনেই শাস্ত্রীয় সংগীতশিল্পী। মাঝেমধ্যে তাঁরা দুজন একসঙ্গে আধুনিক গানও করে থাকেন। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের দ্বৈত কণ্ঠে আধুনিক বাংলা গান ‘রাইকিশোরী’। এর আগেও তাঁদের দুজনের দ্বৈত কণ্ঠের গাওয়া গান শ্রোতাপ্রিয় হয়েছে। নতুন এ গানের কথা লিখেছেন নবারুণ বিশ্বাস। সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।

প্রথম আলোকে সমরজিৎ রায় বলেন, ‘প্রিয়াংকা গোপ ও আমার দ্বৈত কণ্ঠের গানগুলো শ্রোতারা সব সময় খুব পছন্দ করেন। ফেসবুকে নানা ধরনের মন্তব্য পাই। অনেক ভক্ত আবার প্রায় সময় এমনও জানতে চান, কবে আমাদের নতুন গান প্রকাশিত হবে। তাই তো প্রতিবার চেষ্টা করেছি আগের গানের মানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে নতুন গান তৈরি করতে। যেহেতু আমাদের কণ্ঠে রাগাশ্রয়ী গানগুলোই শ্রোতারা বেশি পছন্দ করেন, তাই ‘রাইকিশোরী’ গানটির সুর ও সংগীতায়োজনেও আমি চেষ্টা করেছি তা বজায় রাখতে। সবার ভালো লাগলেই আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে।’

গানটি সম্পর্কে প্রিয়াংকা গোপ জানান, ‘চমৎকার একটি সফট মেলোডিক রোমান্টিক গান। শ্রোতারা যেমন এক্সক্লুসিভ গান আমাদের কাছে প্রত্যাশা করেন, তেমনই একটা মিষ্টি-সেমিক্ল্যাসিক ঘরানার গান রাইকিশোরী।’

বিনোদ রায়ের স্টুডিওতে রেকর্ড হওয়া এ গানের মিক্স ও মাস্টারিং করেছেন গৌতম বসু, প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, ভিডিও দৃশ্য ধারণে ছিলেন শেখ সাদী, ভিডিও নির্দেশনায় পিজিত এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ। গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে।