আলোচিত সেই গায়িকা এবার অভিনয়ে, চমকে দিলেন তিন সিনেমা দিয়ে
চার্লি এক্সসিএক্সকে গায়িকা হিসেবেই চেনেন সবাই। তবে চলমান সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তিনি হাজির অভিনেত্রী পরিচয়ে। উৎসবে প্রিমিয়ার হয়েছে তাঁর ‘দ্য মোমেন্ট’, ‘আই ওয়ান্ট ইউর সেক্স’ ও ‘দ্য গ্যালারিস্ট’ সিনেমার। সব মিলিয়ে নতুন বছরটা পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই শুরু করেছেন আলোচিত এই ব্রিটিশ তারকা।
গত শনিবার রাতে সানড্যান্সে চার্লি দুটি ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন। প্রথমটি হলো ‘আই ওয়ান্ট ইওর সেক্স’, যেখানে তিনি ওলিভিয়া ওয়াইল্ড ও কুপার হফম্যানের সঙ্গে পর্দা ভাগ করেছেন। অন্যটি হলো ‘দ্য মোমেন্ট’, যা তার আলোচিত ‘ব্রাট অ্যালবাম ও বিশ্বপর্যটনকে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টারি।
প্রদর্শনীর পর প্রশ্ন–উত্তর পর্বে চার্লি জানান, ‘আমি এখন এমন অবস্থায় আছি যেখানে চাই “ব্র্যাট” যুগ শেষ হোক এবং নতুন পথে এগোই। এটা শুধুই এটাকেই (গান) ভালোবাসি না, বরং আমরা শিল্পীরা চাই নিজেদের চ্যালেঞ্জ করি। শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, নতুন জীবন উপভোগ করি।’
‘দ্য মোমেন্ট’–এ চার্লি তাঁর নিজস্ব চরিত্রেই অভিনয় করেছেন। তবে এতে বেশ কিছু বিষয় যোগ করা হয়েছে। ছবিতে দেখা যায়, চার্লি তাঁর ‘ব্র্যাট’ অ্যালবামের বিশ্বব্যাপী সাফল্যের পর খ্যাতির চাপের মুখোমুখি হচ্ছেন। দর্শকরা দেখতে পাবেন তিনি কতটা ব্যস্ত হয়ে পড়ছেন আলোচনায় থাকার জন্য।
হলিউড রিপোর্টারের রিভিউ অনুযায়ী, ‘চার্লি’ বেশ উপভোগ্য। প্রিমিয়ারের পরে চার্লি বলেন, ‘আমি ছবির চার্লির মতো নই, আবার একেবারে আলাদাও নই। সত্যটা হয়তো আমার ম্যানেজাররা জানে। শুধু এটা বলতে পারি, আমি শিল্পী হিসেবে খুব অস্থির।’
কেবল এই তিন প্রকল্পই নয়; নিজের অভিনয় ক্যারিয়ার আরও বিস্তৃত করছেন চার্চি। সামনে তাঁকে ডাকোটা জনসন পরিচালিত ‘আ ট্রি ইজ ব্লু’, নাটালি পোর্টম্যান ও জেনা ওর্তেগার সঙ্গে আরকেটি সিনেমাসহ অন্তত চারটি প্রকল্পে দেখা যাবে।
নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে চার্লি বলেন, ‘১৬ বছর বয়স থেকে বিনোদন দুনিয়ায় কাজ করছি, দীর্ঘ পথচলায় অনেক ধরনের মানুষের দেখা পেয়েছি। এসব অভিজ্ঞতাই পর্দায় কাজে লাগিয়েছি, আলাদা কিছু করার দরকার হয়নি।’
দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে