অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় গায়ক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ভের সিং
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় গায়ক নির্ভের সিং মারা গেছেন। গত মঙ্গলবার বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থালে তাঁর মৃত্যু হয়। খবর এনডিটিভির। ৪২ বছর বয়সী এই পাঞ্জাবি গায়ক ক্যারিয়ার গড়তে ৯ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে। কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন গায়ক। হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য দুটি গাড়ি, তারপর জিপে ধাক্কা মারে। এর মধ্যে একটি গাড়িতে ছিলেন নির্ভের। ঘটনাস্থলে মারা যান মাত্র ৪২ বছরের এই গায়ক।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের পুলিশের নজরদারিতে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে, তবে তাঁদের বিরুদ্ধে এখনো অভিযোগ আনা হয়নি। আপাতত দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

‘মাই টার্ন’ অ্যালবামের ‘তেরে বিন’ গান দিয়ে জনপ্রিয়তা পান নির্ভের। তাঁর অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে আছে ‘দরদা-এ-দিল’, ‘জে রুসগি’, ‘ফেরারি ড্রিম’, ‘হিক থক কে’ ইত্যাদি।

আরও পড়ুন

পাঞ্জাবের কুরালিতে জন্ম নেওয়া নির্ভের অস্ট্রেলিয়া যাওয়ার পর জীবিকার তাগিদে প্রথমে ট্যাক্সি চালিয়েছেন। পাশাপাশি বন্ধুদের নিয়ে চলেছে গানও। এভাবে ধীরে ধীরে অস্ট্রেলিয়ায় পরিচিত পান নির্ভের।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বাড়তে থাকে অনুসারী। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় থেমে গেল তাঁর পথ চলা।