ধর্ষণের দায়ে ১৩ বছরের সাজা চীনা তারকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস উ
এএফপি

চীনা-কানাডীয় পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের সাজা দিয়েছেন চীনা আদালত। অপ্রাপ্তবয়স্ক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। একই দিন রাজ্য কর প্রশাসন কর ফাঁকির জন্য তাঁকে প্রায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা করে। চীনের এই তারকার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল।

অভিযোগকারী ১৭ বছরের তরুণী জানায়, ক্রিস উর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনি তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে ক্রিস তাকে জোর করে মদ্যপান করান এবং পরে তাকে যৌন নির্যাতন করেন। ওই তরুণী আরও জানায়, ক্রিস বিভিন্ন সুবিধার প্রতিশ্রুতি দিয়ে নারীদের ফাঁসিয়ে তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এসব নারীদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক।

আজ এই অভিযোগের শুনানি ছিল। সেখানে ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেইজিংয়ের চাওয়াং জেলার আদালত বলছে, ওই তরুণী ছাড়াও ২০২০ সালে শেষের দিকে আরও তিন নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার সত্যতা উঠে এসেছে তদন্তে। ধর্ষণের অভিযোগে গত বছর আগস্টে তাঁকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। তখন তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

ক্রিস উ
এএফপি

তখন ক্রিস উ বলেছিলেন, যাঁদের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল, তাঁরা কেউই অপ্রাপ্তবয়স্ক ছিলেন না এবং তিনি কাউকে জোর করেননি। এমন ঘটনা ঘটলে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন।

কানাডার কে-পপ বয়ব্যান্ড এক্সো ব্র্যান্ডের সদস্য ছিলেন ক্রিস উ। এই ব্যান্ড তাঁকে এনে দিয়েছিল খ্যাতি। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন ক্রিস উ।

আরও পড়ুন