নচিকেতা ও মানিকের ‘নীল পরকীয়া’

নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীনসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া/ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া’—এ রকম কথার গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। গানের গল্পনির্ভর সংগীতচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গাওয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আমিরুল মোমেনীন। ‘মানিক মিউজিক’ নামের ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘বর্তমান সময়ে পরকীয়া একটি ব্যাধিতে পরিণত হয়েছে। সুখী ও সুন্দর পরিবার এই অবক্ষয়ের কারণে ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। আমার মনে হয়, পরকীয়ায় সংসার ভেঙে দেওয়া আর একটি পরিবারের সব সদস্যকে হত্যা করা সমান পরিমাণের অপরাধ।

‘মানিক মিউজিক’ নামের ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি
সগৃহীত

ভয়াবহ এই পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আমি ও মানিক দুজন মিলে গাইলাম “নীল পরকীয়া”। আশা করি, গানটি ছড়িয়ে যাবে এবং এর মধ্য দিয়ে পরকীয়ার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন তৈরি হবে।’

‘নীল পরকীয়া’ গানের ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘আমি অসংখ্য ভিডিওচিত্র নির্মাণ করেছি, কিন্তু এই গান নির্মাণ করতে অন্য রকম প্রেরণা পেলাম। গানটি চমৎকার বলেই আমি ও আমার দল একটি সুন্দর ভিডিওচিত্র নির্মাণের চেষ্টা করেছি। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক হবে।’

নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন
সংগৃহীত

নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে একাধিক গান গেয়েছেন। ২০১৪ সালে দুজনের কণ্ঠে ‘আয়ভোর’ শিরোনামের গান প্রকাশিত হয়। এরপর নচিকেতার কথা ও ‍সুরে ‘কলেজ লাইফ’ ও ‘তুমি কোন পার্টির লোক’ শিরোনামে মানিক আরও দুটি গান করেন।