আর্বোভাইরাস ছাড়লেন সূফী ম্যাভরিক
রক ব্যান্ড আর্বোভাইরাসের সঙ্গে দেড় যুগের পথচলায় ইতি টানলেন ব্যান্ডটির মূল গায়ক সূফী ম্যাভরিক। গত শুক্রবার ঢাকায় নদী রক্স কনসার্টে শেষবারের মতো আর্বোভাইরাসের সঙ্গে মঞ্চে ওঠেন তিনি।
ব্যান্ডটি ছাড়ার কারণ হিসেবে তিনি প্রথম আলোকে জানান, আর্বোভাইরাসের তিন সদস্য রঞ্জন (ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, গিটারিস্ট ও গীতিকার), নাফিস আল আমিন (ড্রামার) ও আদনান (গিটারিস্ট) দেশের বাইরে চলে যাওয়ায় গান করা দুরূহ হয়ে উঠছিল, সেই কারণেই ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর্বোভাইরাস ছাড়ার পর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হবেন না বলে জানান তিন।
একক ক্যারিয়ার নিয়ে সুফির ভাষ্য, ‘আমি কখনোই একক ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করিনি। সবার আগে আর্বোভাইরাসের চিন্তা করতাম। ব্যক্তির চেয়ে দল বড়। আমার মাথার ওপর আর্বোভাইরাসের সাইনবোর্ড ছিল। এখন যেহেতু আর্বোভাইরাস থেকে বের হয়ে গেছি, ফলে মাথার ওপর সাইনবোর্ড নেই। একক ক্যারিয়ার গড়তে চাইলে শুরু থেকেই শুরু করতে হবে। আমার কখনোই সলো বের করার কোনো ইচ্ছা ছিল না। পরিকল্পনা করে, চিন্তাভাবনা করে সামনে এগিয়ে যেতে চাই।’
২০০১ সালে আর্বোভাইরাস গঠিত হওয়ার পর ২০০২ সালে ব্যান্ডে যোগ দিয়েছিলেন সুফি।