চার্লি পুথের কনসার্টের নামে ঢাকার ‘ভুয়া’ প্রতিষ্ঠানের প্রতারণা
মার্কিন গায়ক চার্লি পুথকে নিয়ে ঢাকায় কনসার্টের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিল সিলভারলাইন ইভেন্টস নামে কথিত একটি প্রতিষ্ঠান। এতে জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার এক মিলনায়তনে গাইবেন চার্লি পুথ। তবে চার্লি পুথের এজেন্ট ব্রেন্ট স্মিথ প্রথম আলোকে নিশ্চিত করেছেন, ঢাকায় তিনি কোনো কনসার্ট করছেন না।
এর আগে আয়োজকদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রচারের পর অনেকের নজরে আসে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে সিলভারলাইন ইভেন্টসের ফেসবুক পেজের কার্যক্রম দেখে প্রতিষ্ঠানটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
নাফিসা নাওয়াল নামের এক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, নিজেদের বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে একটি প্রতিষ্ঠিত কোম্পানির ছবি ফেসবুক পেজে ব্যবহার করা হয়েছে; তবে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সিলভারলাইন নামে কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নেই।
মাহির তাজওয়ার রাহমান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী এক ফেসবুক পোস্টে সিলভারলাইন ইভেন্টস নামে পেজটির সুলুকসন্ধান করেছেন। তাতে দেখা গেছে, সিলভারলাইন ইভেন্টস একটি ভুয়া প্রতিষ্ঠান। ২০১৫ সালে খোলা ফেসবুক পেজটির আগের নাম একটি কলেজের নামে ছিল। এই বছর সেটি সিলভারলাইন ইভেন্টস নামে পরিবর্তন করা হয়েছে।
চার্লি পুথের কনসার্টের নামে প্রতারণার আশ্রয় নিয়েছিল ‘ভুয়া’ প্রতিষ্ঠানটি। ‘চার্লি পুথ লাইভ ইন ঢাকা’ শিরোনামে একটি ইভেন্টও খুলেছিল সিলভারলাইন ইভেন্টস। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে সেই ফেসবুক পেজ ও ইভেন্টটি আর দেখা যাচ্ছে না।
সিলভারলাইন ইভেন্টসের একাধিক নম্বরে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া গেছে।