কানাডার বড় দুই শহরে বাংলা কনসার্ট, ব্যান্ড শূন্য, ফুয়াদ, চন্দনসহ আরও যাঁরা থাকছেন

বাংলা কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার বড় দুই শহরে আয়োজিত হচ্ছে বাংলা কনসার্ট। আয়োজক প্রো-এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোয় এবং ২২ সেপ্টেম্বর অ্যালবার্টার ক্যালগেরিতে কনসার্ট দুটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উইনিং ব্যান্ডের চন্দন ও তাঁর দল, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির, বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড শূন্য ও ব্যান্ড বি-শার্প। এ ছাড়া টরন্টোতে পারফর্ম করবে স্থানীয় ব্যান্ড রিকল।

আরও পড়ুন

বাংলা কনসার্ট বিষয়ে আয়োজকদের পক্ষে মুহম্মদ খান বলেন, সম্প্রতি কানাডায় বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এসব শিক্ষার্থীর অনেকেই বাংলা ব্যান্ড সংগীতের ভক্ত। দেশে এসব তরুণ বন্ধুদের সঙ্গে মিলে নানা সময় কনসার্ট উপভোগ করতেন। তবে প্রবাসে সে সুযোগ নেই। তাঁরা নিশ্চয়ই তাঁদের আনন্দময় দিনগুলো মিস করেন। বিষয়টি মাথায় রেখে প্রো-এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স প্রথমবারের মতো মিক্স টেপের ব্যানারে ‘বাংলা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে।

মুহম্মদ খান আরও জানান, অন্টারিও প্রভিন্সের বৃহৎ নগরী টরন্টোতে জেসিস কনভেনশন সেন্টার অ্যান্ড ব্যাঙ্কুয়েট হলে কনসার্টের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় গেট খোলা হবে।

চন্দন ও তাঁর দল। ছবি : সংগৃহীত

অন্যদিকে ২২ সেপ্টেম্বর ক্যালগেরির কনসার্টস্থল ম্যাগনোলিয়া ব্যাঙ্কুয়েট হলেরও গেট খোলা হবে সাড়ে ছয়টায়।

‘বাংলা কনসার্টে’র বিনোদন-সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ও বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। কনসার্টে আগত দর্শকদের জন্য থাকবে চরকির সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় নানান সুবিধা।

শিল্পীদের পরিবেশনা সম্পর্কে মুহম্মদ খান বলেন, পুরো একটি প্রজন্ম উইনিংয়ের গান শুনে বেড়ে উঠেছে। ব্যান্ডের গানের শ্রোতাদের কাছে তাদের গাওয়া গান এখনো দারুণ জনপ্রিয়। সেই দলের অন্যতম ভোকালিস্ট চন্দন। তিনি নিজের গাওয়া ও ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোই মঞ্চে পরিবেশন করবেন। শূন্য এরই মধ্যে তাদের পরিবেশনা দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের মন জয় করেছে।

ফুয়াদ আল মুক্তাদির
কোক স্টুডিও বাংলা

জয় বাংলা কনসার্টসহ দেশের মেগা ইভেন্টগুলোয় তারা অংশ নিয়েছে। তরুণদের বড় একটা অংশ শূন্যর গান পছন্দ করে। অন্যদিকে ফুয়াদের জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। কনসার্টে তিনি শূন্য ব্যান্ডের সঙ্গে মিউজিক করবেন এবং তাঁর জনপ্রিয় পরিবেশনাগুলো উপস্থাপন করবেন।’

কেন এই আয়োজন? এমন প্রশ্নের উত্তরে মুহম্মদ খান বলেন, ‘বাংলা ব্যান্ডের প্রসারের জন্যই আমাদের এই আয়োজন। ব্যান্ডের গান ভালোবাসেন, এমন সব শ্রেণির কথা মাথায় রেখেই আমরা শিল্পীদের লাইনআপ সাজিয়েছি। তাই বলতে চাই, আপনারা আমাদের আয়োজনে এসে ব্যান্ডের কনসার্ট বলতে যা বোঝায়, সেই আমেজই পাবেন।’