বেলাল খানের সুরে নচিকেতা, আসছে ‘ভালো থেকো’
সংগীতশিল্পী বেলাল খান শুধু নিজের গানের জন্যই নন, অন্য শিল্পীদের জন্য সুর করেও নিয়মিত প্রশংসা কুড়াচ্ছেন। তাঁর সুরে ইতিমধ্যে গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা—ঐশী, লিজা, আঁখি আলমগীর, পড়শী ও ন্যানসি। এবার তাঁর সুরে কণ্ঠ দিলেন দুই বাংলার শ্রোতৃপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা।
নতুন গানটির শিরোনাম ‘ভালো থেকো’। গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুল, সংগীতায়োজন করেছেন শোভন রয়। আর এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। ভিডিওতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।
প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘নচিকেতা দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় একজন শিল্পী। জেন–জি প্রজন্মও তাঁর গানে নিজেদের খুঁজে পায়। জীবনমুখী গানের এই শিল্পীর জন্য সুর করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে কাজটি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। নির্মাতা চন্দন রয় চৌধুরী গানের কথার সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নচিকেতাও গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বেলাল খান যেমন ভালো গান করেন, তেমনই দারুণ সুর করেন। বাংলাদেশের অনেক সুরকারের সঙ্গেই কাজ করেছি, তবে এই গানটির সুরে আলাদা এক আমেজ পেয়েছি। একটি গান শুধু কথার জন্য নয়, সুরের জন্যও মানুষের মনে জায়গা করে নেয়। আমার বিশ্বাস, “ভালো থেকো” সেই জায়গায় পৌঁছাতে পারবে।’
দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পীর এই সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এখন দেখার বিষয়, প্রকাশের পর শ্রোতাদের মনে কতটা জায়গা করে নিতে পারে ‘ভালো থেকো’।