চুপিসারেই বিয়ে সারলেন জুবিন
চুপিসারেই সাত পাকে বাঁধা পড়লেন গায়ক জুবিন নটিয়াল। জীবনের নতুন ইনিংস শুরুর খবর যদিও শিল্পী নিজে প্রকাশ্যে আনেননি, তবে তারকাদের এমন খবর কি আর ধামাচাপা থাকে? উত্তরাখন্ডের পাহাড়ি এলাকায় অগ্নিসাক্ষী রেখে শৈশবের বন্ধুকে বিয়ে করেছেন জুবিন। এমন খবর ছড়িয়ে পড়তেই গায়কের নবপরিণীতা স্ত্রীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। পরে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের কথা নিশ্চিত করেছেন জুবিনও।
খবর, নিজের শহরে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাত পাকে বাঁধা পড়েছেন জুবিন। যেখানে উপস্থিত ছিলেন উভয় পক্ষের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। ছিল না কোনো বলিউডি গ্ল্যামারের চাকচিক্য! কিন্তু সিনেদুনিয়ার বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে কেন চুপিসারে বিয়ে করলেন জুবিন? খবর প্রকাশ্যে আসার পর থেকেই এমন কৌতূহল উঁকি দিয়েছে।
গায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘আসলে জুবিন নটিয়াল বরাবরই ব্যক্তিগত জীবন লাইমলাইটের অন্তরালে রাখতে পছন্দ করেন। সে জন্যেই বিয়েতে কোনো রকম জাঁকজমক চাননি তাঁরা। এই বিশেষ দিনটিতে শুধু পরিবার-পরিজনদের উপস্থিতিই চেয়েছিলেন। সে কারণেই মায়ানগরী থেকে দূরে উত্তরাখন্ডে বিয়ে সেরেছেন শিল্পী।’ সোশ্যালপাড়ায় ভাইরাল হওয়া এক ছবিতে বিয়ের সাজপোশাকে দেখা গেছে জুবিনকে। তবে পাশেই নবপরিণীতা থাকলেও সেই ছবি এমনভাবে তোলা যে জুবিন–পত্নীর মুখ দেখা যায়নি।
জুবিন নটিয়াল বর্তমান প্রজন্মের জনপ্রিয় প্লেব্যাক গায়ক। যাঁর ঝুলিতে দুই শতাধিক গান রয়েছে। উত্তরাখন্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়ালিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’–তে যোগ দেন। সেখান থেকেই লাইমলাইটে আসেন। পরবর্তী সময় ‘তুম হি আনা’ (মারজাওয়াঁ), ‘রাতা লম্বিয়াঁ’ (শেরশাহ), ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’ (কবীর সিং), ‘কিন্না সোনা’ (মারজাওয়াঁ), ‘বন্দিয়া’ (জজবা), ‘দিল জানিয়ে’ (খানদানি শফাখানা), ‘প্যায়ার তো থা’ (বালা), ‘সো গয়া ইয়ে জহাঁ’ (বাইপাস রোড), ‘ম্যাঁ জানতা হুঁ’ (দ্য বডি) এবং ‘মেহেরবানি’র (দ্য শওকিনস) মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে