৮ ব্যান্ড ও ১২ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর ২০ গান, আসছে ‘উত্তরাধিকার’
‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এমন ২০টি গান এবার শোনা যাবে নতুন সংগীতায়োজনে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী গেয়েছেন গানগুলো, যা অ্যালবাম আকারে প্রকাশিত হবে। আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে ‘উত্তরাধিকার’ নামের এ অ্যালবাম। এ প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।
‘উত্তরাধিকার’ অ্যালবামে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নতুন সংগীতায়োজনে গাইবেন দেশের পরিচিত ব্যান্ড ও একক শিল্পীরা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। অন্যদিকে একক শিল্পীদের মধ্যে আছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। সব কটি গানগুলোর মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।
‘উত্তরাধিকার’ অ্যালবামে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’এবং এ কে রাহুল গেয়েছে ‘মন চাইলে মন’। একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গেয়েছেন।
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘চলো বদলে যাই’ গানটি নতুন করে গেয়েছে শুভযাত্রা। ব্যান্ডটির ভোকাল শুভ বলেন, ‘সত্যি বলতে, এটা একটা ইমোশনাল জার্নি। বাচ্চু ভাইয়ের গান এমনিতে কাভার করা একরকম বিষয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানোর পর কিছুটা ভয় লাগছিল। চন্দনা ভাবী বললেন, ‘“চলো বদলে যাই” গানটা তুমি ভালো করবে।’ এরপর আমরা নেমে পড়লাম। টানা পাঁচ দিনে গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করেছি। জানি না শ্রোতাদের কেমন লাগবে, তবে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’
মিউজিয়াম তৈরির স্বপ্ন
আইয়ুব বাচ্চুর গিটারপ্রেমের কথা তাঁর ভক্তদের অজানা নয়। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র—বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামী ব্র্যান্ডের গিটার সংগ্রহ করতেন তিনি। তাঁর স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ প্রায় ৫০টি গিটার নিয়ে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে তাঁর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত আছে গিটারগুলো। আইয়ুব বাচ্চুর স্ত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার যত্নে আগলে রেখেছেন এসব স্মারক। বছর তিনেক আগে পরিবারের উদ্যোগে আইয়ুব বাচ্চুর কয়েকটি গিটার নিয়ে ঢাকা ও চট্টগ্রামে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
প্রায় আট বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্টসহ নানা স্মারক নিয়ে একটি মিউজিয়াম তৈরির স্বপ্ন দেখছে পরিবার। গিটারগুলোর সংরক্ষণ সম্পর্কে ফেরদৌস আক্তার বলেন, ‘যে তাপমাত্রায় রাখা হলে গিটারগুলো ঠিক থাকবে, আমরা সেভাবেই রেখেছি। আইয়ুব বাচ্চুর গিটার তাঁর আরেকটি অস্তিত্বের অংশ। সেটি যত্নে রাখার জন্য যা যা করণীয়, করে যাচ্ছি। যত দিন মিউজিয়াম বা মিউজিক্যাল লাউঞ্জ করতে না পারি, তত দিন এভাবেই যত্নে রাখব।’
স্বপ্ন পূরণের পথে
২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তাঁর চলে যাওয়ার পরও তাঁর গান, গিটারবাদন ও সৃষ্টির মধ্য দিয়ে ভক্তদের কাছে তিনি আজও প্রাসঙ্গিক। মৃত্যুর আগে নিজের কিছু স্বপ্নের কথাও জানিয়েছিলেন এই শিল্পী। তাঁর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় গত বছরের ৯ জুলাই। ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার গত বছরের অক্টোবরে প্রথম আলোকে বলেছিলেন, ‘বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। কবে তা পূরণ হবে, এখনো বুঝতে পারছি না। কারণ যে স্বপ্ন আইয়ুব বাচ্চু দেখেছেন, তা পূরণে পৃষ্ঠপোষকতা খুব জরুরি।’
এবার সেই স্বপ্ন পূরণের পথেই নেওয়া হয়েছে ‘উত্তরাধিকার’ প্রকল্প। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, কিছুদিন আগে ফেরদৌস আক্তার তাঁকে ফোন করে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপর তাঁর গাওয়া কয়েকটি গান নতুন সংগীতায়োজনে করার প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে তৈরি হয় ‘উত্তরাধিকার’।
আগামীকাল রোববার বেলা তিনটায় ‘উত্তরাধিকার’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রকল্পটির বিস্তারিত তুলে ধরবেন ফেরদৌস আক্তার। একই দিন প্রকাশিত হবে ডাবল সিডি অ্যালবামটি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে গানগুলো। প্রকল্পটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার।
