গৌরবের নতুন গানে নানা ভাষার সম্মিলন

কণ্ঠশিল্পী গৌরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তরুণ কণ্ঠশিল্পী গৌরবের নতুন গান। ‘কখনো’ শিরোনামের গানটির সুর করেছেন গৌরব নিজেই। এর কথা লিখেছেন প্রলয় বাপ্পি, সংগীতায়োজনে অমিত চ্যাটার্জি। ভিডিওটি নির্মাণ করেছেন পিজি।
গৌরবের সংগীতজগতে আসা শৈশবে। ঢাকার মিরপুরে গৌরব গল্পের জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকে সংগীতে পরিবারের অনুপ্রেরণা পেয়েছেন। বাবা গান গাইতেন। তবে গানকে পেশা হিসেবে নেওয়ার কথা কখনো ভাবেননি। তিনি সব সময় চেয়েছেন ছেলে যেন গান নিয়েই থাকে।
গৌরবের বয়স যখন ছয় বছর, তখন থেকে বড় বোন কথা ও তিনি গানের ওস্তাদের কাছে তালিম নেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে গিটার ও কি–বোর্ড শেখেন। ২০০৬ সাল থেকে দুই বছর প্রয়াত তুষার গোমেজের কাছে কি–বোর্ড শিখেছেন। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় লাইভ শো ও কনসার্টে সংগীত পরিবেশন করেই তাঁর কৈশোর কেটেছে।

২০১৪ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মিউজিকের ওপর ডিপ্লোমা করতে যান গৌরব গল্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে লাইভ পারফরম্যান্সের পাশাপাশি মৌলিক গান তৈরিতে কাজ করছেন তিনি।

‘কখনো’ শিরোনামের গানটির সুর করেছেন গৌরব নিজেই

এর আগে গৌরব গল্পের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘আমার ভালোবাসা’ ও ‘এলোমেলো কল্পনা’ শিরোনামের দুটি মৌলিক গান। ‘এলোমেলো কল্পনা’র কথা লিখেছেন ও সুর করেছেন কে জিয়া। র‌্যাপ গেয়েছেন বিগ ডেভ।

সংগীতায়োজনে বিলি আর। ভিডিওটি নির্মাণ করেছে ফিউচার হিস্ট্রি ল্যাবস। এবারের গানটি একটু ব্যতিক্রম। ‘কখনো’ গানের কথায় বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার সম্মিলন ঘটিয়েছেন গৌরব। ‘কোনো গান বহুভাষী হলে বিভিন্ন দেশের শ্রোতাদের সহজে সম্পৃক্ত করা যায়। অন্যান্য দেশে এমন প্রবণতা হরহামেশা দেখা যাচ্ছে। বাংলা গানের প্রসারের জন্যই মূলত অন্য ভাষা যুক্ত করা,’ বললেন গৌরব।

‘আমার ভালোবাসা’ সুর করেছেন গৌরব নিজেই। এর কথা লিখেছেন প্রলয় বাপ্পি। সংগীতায়োজনে আহাদ ফাহিম। দুটি গানের মিক্স ও মাস্টার করেছেন আমজাদ হোসেন। ভিডিওটি বানিয়েছে কেরিগ্যান প্রোডাকশন।
মেলো রক, সুফি ও পপ ঘরানার গান করতে সবচেয়ে ভালো লাগে গৌরবের। মৌলিক গান ছাড়াও তাঁর ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গানের কাভার রয়েছে। তাঁর কথায়, ‘ট্রেন্ড নয়, যেসব গান আমার প্রাণে লাগে, সেগুলোই কাভার করার চেষ্টা থাকে আমার। যে শিল্পী কিংবা সুরস্রষ্টারা আমার সংগীতজীবনে প্রভাব ফেলেছেন, তাঁদের সৃষ্টিকর্ম নতুন আঙ্গিকে উপস্থাপন করি।’