আজম খান স্মরণে গাইলেন ভাতিজা আরমান খান
বাংলা পপ গানের কিংবদন্তি আজম খান স্মরণে ‘গুরু রে’ শিরোনামে একটি গান বেঁধেছেন শিল্পী, সুরকার আরমান খান। চাচা আজম খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই পপ তারকার ১০টি গানের কথা অবলম্বনে গানটি করেছেন ভাতিজা আরমান। গানটি আজ আজম খানের জন্মদিনে জি সিরিজের ব্যানারে প্রকাশ করা হবে। আজম খান ২০১১ সালের ৫ জুন মারা যান।
আরমান খান প্রথম আলোকে বলেন, ‘১৪ লাইনের গানের মধ্যে ১০টা লাইন তাঁর গান থেকেই নেওয়া। ১০ দিন আগে গানের কাজ শুরু করেছিলাম। হঠাৎ করেই ভাবনাটা এসেছিল। এর আগে আইয়ুব বাচ্চুকে নিয়ে একটা গান করেছিলাম, কিন্তু চাচাকে নিয়ে করা হয়নি।’
পেশাগত কাজে সিলেটে থাকেন আরমান, এর মধ্যে অবসরে ঢাকায় এসে গানটির রেকর্ডিং করেছেন। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।
আলম খানের ছেলে আরমানের শেষ গান ‘কথা দিলাম’ প্রকাশিত হয়েছে গত বছরের মাঝামাঝি। বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’, মমতাজের ‘নান্টু ঘটক’, এন্ড্রু কিশোরের গাওয়া ‘বিন্দিয়া রে বিন্দিয়া’সহ বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার ও সংগীতায়োজক আরমান খান।