‘বৃষ্টি ছুঁয়ে’ থেকে ‘ভিন্ন তুমি’: মৌটুসীর সংগীতভুবন
মৌটুসী খানের সংগীতযাত্রার শুরু শৈশবে, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) থেকে। পরবর্তী সময়ে তিনি উচ্চাঙ্গসংগীতে তালিম নেন ওস্তাদ সঞ্জীব দের কাছে। প্রায় ছয় বছরের এই প্রশিক্ষণ তাঁর কণ্ঠ ও গায়কিতে ধ্রুপদি সংগীতের একটি দৃঢ় ভিত্তি তৈরি করে।
২০১৪ সালে পেশাদার সংগীতজীবন শুরু করলেও উল্লেখযোগ্য পরিচিতি পান ২০১৭ সালে। তাহসানের সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বৃষ্টি ছুঁয়ে’ প্রকাশের পরই শ্রোতাদের নজরে আসেন তিনি। সাজিদ সরকারের সুর ও সংগীতে তৈরি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং টানা দুই বছর জিপি মিউজিকের শীর্ষ ২০ গানের তালিকায় স্থান ধরে রাখে।
‘বৃষ্টি ছুঁয়ে’র সাফল্যের পর সাজিদ সরকারের সুর ও সংগীতে বেশ কয়েকটি নাটকের গানে কণ্ঠ দেন মৌটুসী। এর মধ্যে ‘উৎসর্গ’ নাটকের ‘পারাপার’ গানটি শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। পরে তানজীব সারোয়ারের সঙ্গে গাওয়া ‘অবেলায়’ ও ‘মন প্রিয়া’ গানও তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। পাশাপাশি মিনার রহমানের ‘বাড়াবাড়ি’ গানে গেস্ট ভোকাল হিসেবেও কাজ করেন তিনি।
ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে মৌটুসী দেখেন হাবিব ওয়াহিদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে। ২০২২ সালে ভয়েস টেস্টের জন্য হাবিবের স্টুডিওতে ডাক পান তিনি। সেখানে নিজের পছন্দের কয়েকটি গান গেয়ে শোনানোর সময় বোম্বে জয়শ্রীর একটি হিন্দি গান পরিবেশন করেন। গানটি শুনে মুগ্ধ হন হাবিব। এরপর নিজের একটি সুরে তাঁকে গাইতে বলেন। রেকর্ডিং শেষে হাবিব তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা অবশেষে আমাদের প্রথম গানটি পেয়ে গেছি।’ সে ঘটনাই জন্ম দেয় তাঁদের প্রথম দ্বৈত গান ‘তোমারই ছোঁয়াতে’।
পরবর্তী সময়ে হাবিব ও মৌটুসীর কণ্ঠে প্রকাশিত হয় ‘কোথা আছ প্রিয়’ এবং ‘তুই ছাড়া একা’। এ ছাড়া হাবিবের সংগীতে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন মৌটুসী। সামনে তাঁদের আরও কয়েকটি গান প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে মৌটুসীর। চলতি মাসে প্রকাশ পেয়েছে ‘ভিন্ন তুমি’। এর আগে বছরের শুরুতে প্রকাশিত হয় ‘অন্তর্যামী’। আর গত বছরের শেষে মাহতিম শাকিবের সঙ্গে প্রকাশ পায় মৌটুসীর গান ‘পুড়ে যায় হৃদয়’।