আজ মিউজিক@ডেস্কে ঋতু রাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রথম আলোর কর্মীদের গান শুনিয়ে গেলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী ঋতু রাজ
ছবি : প্রথম আলো

কাজের ফাঁকে কর্মীদের একটু বিনোদন দিতে মাসের একটি দিন সংগীতানুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। সেই আয়োজনের ধারাবাহিকতায় সম্প্রতি প্রথম আলোর কর্মীদের গান শুনিয়ে গেলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী ঋতু রাজ। ‘মিউজিক@ডেস্ক’ নামের এই অনুষ্ঠান আজ রাত ১০টায় প্রথম আলোর অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে।
প্রথম আলো অফিসের সপ্তম তলায় আয়োজিত এই অনুষ্ঠানে বেলা সাড়ে তিনটায় গাইতে বসেন শিল্পী ঋতু রাজ। শুরু করেন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির অনুপ ঘোষালের গাওয়া বিখ্যাত গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ দিয়ে। এরপর শোনান ‘তোমাকে ছুঁয়ে দিলাম’।

ঋতুরাজের তৃতীয় পরিবেশনা ছিল কাওসার আহমেদ চৌধুরীর লেখা লাকী আখান্দের সুর করা ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া চিরসবুজ সেই গান ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’। এরপর ঋতু গাইলেন মান্না দের গাওয়া বিখ্যাত সেই গান ‘আমি যে জলসাঘরে’। এরপর শোনান তাঁর নিজের গাওয়া মৌলিক গান ‘রপ্ত করা শব্দগুলো’।

শেষে ঋতু পরিবেশন করেন সম্প্রতি তুমুল জনপ্রিয় হওয়া কোক স্টুডিওতে বাংলায় তাঁর গাওয়া ‘বাগিচায় বুলবুলি তুই’। কাজী নজরুল ইসলামের এই গানের সঙ্গে প্রথম আলোর কর্মীরদেরও ঠোঁট মেলাতে দেখা যায়।

এর আগে মিউজিক@ডেস্ক অনুষ্ঠানে গান শুনিয়ে গেছেন বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, হায়দার হোসেন, কৃষ্ণকলি ও কনক আদিত্য।

আরও পড়ুন