নবীনদের উৎসাহের কথা জেনে খুশি সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৩ বছর পর ঢাকায় আসছি। আমি গান করতে আসছি’, কলকাতা থেকে প্রথম আলোকে বললেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে তাঁকে নিয়ে ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশন করবেন তিনি।
অনুষ্ঠানটি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করতে করবেন। এর বাইরে বাংলাদেশে বাইরে পশ্চিমবঙ্গ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক লাইভে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

গত শুক্রবার টিকিট ছাড়া হয়েছে, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আধুনিক বাংলা গানের দুই দিনের শোর সব টিকিট বিক্রি হয়েছে এবং বাংলা খেয়ালের টিকিটও বিক্রি শেষের পথে বলে জানান আয়োজকেরা। আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুয়াদ বিন ওমর ও মীর আরিফ বিল্লাহ।

কবীর সুমন
ফেসবুক

সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও একটি ভিডিও বার্তায় অনুষ্ঠান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন কবীর সুমন। তিনি বলেন, ‘এ আয়োজন নিয়ে বাংলাদেশের নবীনদের মধ্যেও খুব উৎসাহ রয়েছে বলে জানালেন আয়োজকেরা। এটা আমার খুব ভালো লাগছে।’

আধুনিক গানের বাইরে এবার বাংলা খেয়াল নিয়েও দর্শকদের সামনে আসছেন তিনি। এর আগে কয়েকবার বাংলাদেশে এসে আধুনিক গান পরিবেশন করে গেলেও এবারই প্রথম খেয়াল পরিবেশন করবেন তিনি। তিন-চার বছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবীর সুমন। খেয়ালচর্চার ক্ষেত্রে বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক আজাদ রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

কবীর সুমন শেষবারের মতো ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবরে। সেবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন। মধ্যে এক যুগ কেটে গেলেও আর ঢাকায় আসেননি তিনি। এক সাক্ষাৎকারে অভিমানের সুরে বলেছিলেন, বাংলাদেশে আর কখনো আসবেন না তিনি।
আসার কারণ হিসেবে অনেকে অভিমানকে সামনে আনলেও কবীর সুমন প্রথম আলোকে বলছেন, এক যুগে তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণই করা হয়নি, ফলে তিনি ঢাকায় আসেননি। এর আগে নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন, কোনো পারিশ্রমিক নেননি তিনি। টিকিট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।