আশা বললেন, ‘আমি ভি বাঙ্গালি বহু আছি’

সাবেক ক্রীড়াবিদ বশীর আহমেদও শোক প্রকাশ করে শেয়ার করেছেন এক অন্য রকম স্মৃতি, যেখানে ধরা পড়েছে অন্য এক আশাকোলাজ

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশজুড়ে। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত সংগীতপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষও স্মরণ করছেন এই কালজয়ী শিল্পীকে।

প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া সাবেক ক্রীড়াবিদ বশীর আহমেদও শোক প্রকাশ করে শেয়ার করেছেন এক অন্য রকম স্মৃতি, যেখানে ধরা পড়েছে অন্য এক আশা।

বশীর আহমেদ লিখেছেন, ‘আমি ভি বাঙ্গালি বহু আছি’—এই কথাটি বলেছিলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে সাফ গেমসের এক মিটিংয়ে মাদ্রাজে যেতে হয়েছিল বশীর আহমেদকে। সেখানেই ‘নাল্লি’ শাড়ির দোকানে হঠাৎ দেখা হয়ে যায় তাঁর প্রিয় শিল্পীর সঙ্গে।

আরও পড়ুন

বশীর আহমেদের ভাষ্যে, ‘মাদ্রাজের “নাল্লি” শাড়ির দোকানে আমি উনাকে আমার বউয়ের জন্য একটা শাড়ি পছন্দ করে দেওয়ার অনুরোধ করেছিলাম। উনি এত বড় মনের একজন মানুষ ছিলেন যে কথাটা শুনে খুশি মনে রাজি হলেন।’ সেই মুহূর্তের কথোপকথন এখনো তাঁর কানে বাজে।

এ ছবিটি শেয়ার করেছেন বশীর আহমেদ
আরও পড়ুন

বশীর আহমেদ আরও লিখেছেন, ‘উনি আমাকে প্রশ্ন করলেন, “তোমহার বহু সাদা আছে না কালা?” আমি বললাম, ফরসা। তখন উনি গাঢ় লাল পাড় আর শুভ্র সাদা রঙের একটি শাড়ি পছন্দ করে দিলেন।’
শাড়িটির দাম ছিল ১২০০ রুপি; এ তথ্য বশীর আহমেদের স্মৃতিতে আজও স্পষ্ট, ‘এই শাড়িটাই পরে আমার বউ পরে আমার মেয়ের বিয়েতে গিয়েছিল।’

আরও পড়ুন

গত রোববার আশা ভোসলের মৃত্যুর খবর শোনার পর সেই দিনের স্মৃতি আরও তীব্র হয়ে ফিরে এসেছে বলে জানান বশীর আহমেদ। তাঁর ভাষায়, ‘খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আর কানে বারবার বাজতে লাগল, “আমি ভি বাঙ্গালি বহু আছি।”’
শেষে বশীর আহমেদ কিংবদন্তি এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেন।