ডেভিড কুশনারের শো বাতিল

ডেভিড কুশনার। ভিডিও থেকে

যুক্তরাজ্য ও ইউরোপ সফরের বাকি শো বাতিল করছেন মার্কিন গায়ক ডেভিড কুশনার। মানসিক স্বাস্থ্যগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার সন্ধ্যায় ম্যানচেস্টারের শো বাতিল করেছেন ২৪ বছর বয়সী এই গায়ক। লিথুয়ানিয়া ও বেলজিয়াম সফরের আগে যুক্তরাজ্যের বার্মিংহাম, ব্রিস্টল, লন্ডন এবং ডাবলিনে শো করার কথা ছিল কুশনারের।

এক ইনস্টাগ্রাম পোস্টে কুশনার লিখেছেন, ‘আমি শো চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এখন আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। আপাতত সুস্থ হওয়ার দিকে মন দিতে হবে।’

গত শুক্রবার রাতে নিউক্যাসলের কনসার্টে কান্নায় ভেঙে পড়েন ডেভিড কুশনার, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি উদ্বেগ মোকাবিলা করছি। আমি মানসিকভাবে ঠিক নেই।’

মানসিক স্বাস্থ্য ও সংগ্রাম নিয়ে মুখ খোলার জন্য ডেভিড কুশনারের প্রশংসা করেছে এ বিষয়ে কাজ করা দাতব্য সংস্থা অ্যাংজাইটি ইউকে। নিউজবিটকে তারা জানিয়েছে, গায়ক তাঁর সংগ্রাম সম্পর্কে মুখ খুলে যে সাহসিকতা দেখিয়েছেন, যা সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ডেভিড স্মিথসন বলেন, ‘এটা নিজেকে কতটা দুর্বল করে দিতে পারে, ভুক্তভোগী হিসেবে তিনি অন্যদের তা সহজেই বোঝাতে সহায়তা করতে পারবেন।’

সবার উদ্দেশে প্রতিষ্ঠানটির পরামর্শ, উদ্বেগের লক্ষণ দেখা দিলে, আপনি একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এবং নিয়মিত ব্যায়াম করুন।

আরও পড়ুন

ডেভিড কুশনার ২০২২ সালে টিকটকে ‘মিজারেবল ম্যান’ গানটির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। স্পটিফাইতে এই সংগীতশিল্পীর মাসিক শ্রোতা প্রায় ১ কোটি ৬০ লাখ। ২০২৩ সালে তাঁর অন্যতম হিট ‘ডেলাইট’ প্রকাশ পায়, বর্তমানে স্পটিফাইতে ১.৪ বিলিয়ন স্ট্রিম রয়েছে। গানটি যুক্তরাজ্যের একক চার্টে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে শীর্ষ স্থানে পৌঁছে যায়।