হাবিব, বালাম থেকে নুসরাত ফারিয়া, গানে গানে জমজমাট ঈদ

ঈদে সাধারণত সিনেমার গান নিয়ে বেশি মাতামাতি থাকে। তবে এবার সিনেমার গান ছাড়াও প্রকাশিত হয়েছে শিল্পীদের নানা ধরনের বৈচিত্র্যময় নতুন গান। জেনে নেওয়া যাক তেমন ১০ গানের খবর

এবার সিনেমার গান ছাড়াও প্রকাশিত হয়েছে শিল্পীদের নানা ধরনের বৈচিত্র্যময় নতুন গান। কোলাজ

একসময় ঈদ মানেই ছিল নতুন গানের উৎসব। অডিও কোম্পানিগুলোর ব্যস্ততা, শিল্পীদের নতুন অ্যালবাম আর ক্যাসেট-সিডির বাজারে জমজমাট আয়োজন—সব মিলিয়ে ঈদের গান ঘিরে থাকত আলাদা উন্মাদনা। সময়ের সঙ্গে সেই অ্যালবাম সংস্কৃতি এখন প্রায় হারিয়েই গেছে। জায়গা নিয়েছে একক গানের ডিজিটাল প্রকাশ। তা–ও ১২ বা ১০ নতুন গান নয়, এক গানেই অ্যালমা! তবু ঈদকে ঘিরে নতুন গানের আয়োজন থেমে নেই। এবারও ঈদ সামনে রেখে প্রকাশ পেয়েছে নানা ঘরানার নতুন গান। শুধু গান নয়, প্রতিটি গানের সঙ্গেই থাকছে আলাদা মিউজিক ভিডিও, যেখানে আয়োজন ও নির্মাণে দেখা গেছে বড়সড় প্রস্তুতি। নিয়মিত সংগীতশিল্পীদের পাশাপাশি এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন সিনেমার তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পথেঘাটেও শোনা যাচ্ছে এসব গান।

এবারের ঈদের গানে যেমন আছে লোকগানের নতুন উপস্থাপনা, তেমনি রয়েছে ফোক-পপ, রোমান্টিক কিংবা আঞ্চলিক আবহের বৈচিত্র্য। ২২ বছর পর হাবিব-কায়ার নতুন গান যেমন আলোচনায় এসেছে, তেমনি নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’ গানটিও দর্শকের নজর কাড়ছে। কেউ ফিরেছেন বিরতির পর, কেউ আবার নিজের শিকড় ও পরিচয়কে তুলে এনেছেন গানে। সব মিলিয়ে সিনেমার গানের বাইরে এবার ঈদে প্রকাশিত নতুন গানগুলোও তৈরি করেছে আলাদা আগ্রহ।

‘কই রইলা রে’ গানের পোস্টার। ফেসবুক থেকে

‘কই রইলা রে’
২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় কৃষ্ণ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউলগানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। ২০০৪ সালে হাবিবের সংগীতায়োজনে মায়া অ্যালবামেও ছিল কায়ার গান। ২২ বছর পর আবারও কায়ার সঙ্গে গান প্রকাশ করছেন হাবিব। ‘কই রইলা রে’ শিরোনামের গানটিতে হাবিব ও কায়ার সঙ্গে আরও আছেন মুজা। ঈদের আগের রাতে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘রূপসী শ্রীমঙ্গল’
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। কায়েস আজিজের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করেছেন নির্মাতা সৈকত রেজা। মিউজিক্যাল ভিজ্যুয়ালে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানকে।

‘রূপসী শ্রীমঙ্গল’ গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

‘মাওলা’
পবিত্র ঈদুল ফিতরে প্রকাশিত হয়েছিল বালামের পঞ্চম একক অ্যালবাম মাওলার চারটি অডিও গান। কোরবানির ঈদ উপলক্ষে এই অ্যালবামের ‘মাওলা’গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন বালাম। গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম।

‘মন বুঝলা না’
ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন বুঝলা না’ লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত আয়োজন করেছেন ইমরান। ঈদ উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

‘লোকে বলে’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

‘লোকে বলে’
বিরতির পর নতুন গান নিয়ে ফিরেছেন নুসরাত ফারিয়া। গত বুধবার রাতে এসেছে তাঁর নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশ করছে এসভিএফ ও ব্লিং মিউজিক। ‘লোকে বলে’ গানটির নতুন ও পুরোনো—দুই সংস্করণের কথাই লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। ভিডিও প্রকাশের পর গানে ফারিয়ার নাচের প্রশংসা করেছেন অনেক দর্শক।

‘প্রেম’
টি অ্যান্ড টি কনসালট্যান্সি লন্ডন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অবন্তী সিঁথির ‘প্রেম’ গানটি। এতে অবন্তী সিঁথির সহশিল্পী অমিত দে। গান লিখেছেন শাহান কবন্ধ, সংগীতায়োজনে মীর মাসুম।

আরও পড়ুন

‘প্রেমকাহিনি’
তানভীর আহমেদের লেখা ও সুর করা ‘প্রেমকাহিনি’ গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও কোনাল। ভিডিও বানিয়েছেন আকরাম খান। মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মীম। কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গান।

‘তোমার রোদেলা আকাশে’
সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘তোমার রোদেলা আকাশে’ গানটি। এতে লিজার সহশিল্পী অনিক। লালন লোহানীর লেখা এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।

‘নোয়াখাইল্লা মাইয়া’
সংগীতশিল্পী ঐশীর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর মাইজদীতে। এবার নিজের এই পরিচয় নিয়ে তৈরি গান নিয়ে হাজির তিনি। ‘নোয়াখাইল্লা মাইয়া’ গানটিতে ঐশীর সঙ্গে আছেন ব্ল্যাক জ্যাং। ঈদ উপলক্ষে ঐশীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

‘মন বুঝি না’
গানচিল মিউজিক প্রকাশ করছে জিসান খান শুভর গান ‘মন বুঝি না’। কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। ভিডিও বানিয়েছেন রহিত রায়হান সৈকত। গল্পনির্ভর এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনয়শিল্পী পার্থ শেখ ও আইশা খান।

আরও পড়ুন