প্রথম আলো মিউজিক@ডেস্কে আজ সায়ানের গান
কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এই আয়োজনে গান গাইতে ২৬ জানুয়ারি প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন ফারজানা ওয়াহিদ সায়ান। ধারণ করা অনুষ্ঠানটি আজ রাত ১০টায় প্রথম আলোর অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে প্রচার করা হবে।
আয়োজনের শুরুতেই সায়ান গেয়েছেন নিজের আলোচিত গান ‘আমি মুসলমানের মেয়ে’, কথার সঙ্গে তাল মিলিয়ে গিটারে নাচল তাঁর আঙুল। গান শেষে জোর করতালিতে তাঁকে অভিবাদন জানালেন উপস্থিত দর্শক।
এরপর পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে লেখা গান ‘দুচোখ দিয়েই দেখো’। একে একে ‘জনতার বেয়াদবি’, ‘এটাই আমার রাজনীতি, আমি একা একা হাঁটি’, ‘ও নেতা ভাই’, ও ‘হঠাৎ করেই চোখ পড়েছে’ পরিবেশন করেন সায়ান।
প্রতি মাসে একবার করে এ গানের অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। এর আগে মিউজিক@ডেস্কে গান শুনিয়ে গেছেন অদিতি মহসিন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, হায়দার হোসেন, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য ও ঋতুরাজ বৈদ্য।