হঠাৎ ড্রোনের আঘাত, গান থামিয়ে চলে গেলেন ‘ধুরন্ধর’ গায়িকা

রেবেল। এক্স থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চজুড়ে তখন গানের তালে নাচছেন র‍্যাপার ও গায়িকা রেবল। দর্শকেরাও মেতে উঠেছেন তাঁর পরিবেশনায়। হঠাৎ কোথা থেকে একটি ড্রোন উড়ে এসে সরাসরি আঘাত করল তাঁর মুখে। মুহূর্তেই থেমে গেল গান, বদলে গেল মঞ্চের পরিবেশ। বিস্ময় ও অস্বস্তি নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর আর পারফরম্যান্স চালিয়ে যাননি রেবল। কাউকে কিছু না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ২৬ নভেম্বরের। গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত পালস ২০২৬ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবল। ‘রান ডাউন দ্য সিটি’ গানটি পরিবেশনের সময়ই ড্রোনটি তাঁর মুখে আঘাত করে।অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গানের তালে মঞ্চে নাচছেন রেবল। হঠাৎ ড্রোনের আঘাতে থমকে যান তিনি। এরপর আর গান চালিয়ে যাওয়ার চেষ্টা না করে মঞ্চ থেকে নেমে যান। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে শিল্পীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঘটনাটি কেবল একটি দুর্ঘটনার ভিডিও হিসেবেই আলোচনায় আসেনি। সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর গান দিয়ে পরিচিতি পাওয়া রেবলের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ এক লাইভ পারফরম্যান্স। ফলে তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।

মেঘালয়ের পাহাড় থেকে বলিউডের সংগীতে
রেবলের এই পরিচিতি অবশ্য এক দিনে তৈরি হয়নি। তাঁর আসল নাম দায়াফি লামারে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় জন্ম ও বেড়ে ওঠা। শিলং ও আশপাশের পাহাড়ি অঞ্চলের পরিবেশে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। ভারতীয় সংগীতের মূলধারায় মেঘালয়ের শিল্পীদের উপস্থিতি তুলনামূলক কম হলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর টান ছিল তাঁর।
এক সাক্ষাৎকারে রেবল জানিয়েছিলেন, চার-পাঁচ বছর বয়সে টেলিফোনের লাইনে একটি সুর শুনে মুগ্ধ হয়েছিলেন। সেই সুরের স্মৃতি এখনো তাঁর মনে গেঁথে আছে। সংগীতের প্রতি ভালোবাসা তখন থেকেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিপহপ, রক ও ইন্ডি সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয়। তাঁর পছন্দের শিল্পীদের তালিকায় ছিল এমিনেম, বিগি, আন্দ্রে থ্রি থাউজ্যান্ড, লিংকিন পার্কসহ আরও অনেকে। তাঁদের সংগীত তাঁর নিজস্ব র‍্যাপের ধরন গড়ে তুলতে সাহায্য করেছে।

রেবেল। এক্স থেকে

তবে সংগীতের পথে হাঁটার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন রেবল। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। অর্থাৎ সংগীতজগতে আসার আগে তাঁর সামনে ছিল সম্পূর্ণ ভিন্ন একটি পেশাগত পথ। কিন্তু শেষ পর্যন্ত করপোরেট চাকরির প্রচলিত জীবনের বদলে বেছে নেন হিপহপকে।

আরও পড়ুন

২০১৮ সাল থেকে নিয়মিত পারফর্ম করতে শুরু করেন তিনি। প্রথম দিকে ‘দায়া’ নামে সংগীতচর্চা করলেও ২০১৯ সালে নিজের মঞ্চনাম বদলে রাখেন ‘রেবল’। নামের মধ্যেই যেন ছিল তাঁর ব্যক্তিত্বের পরিচয়, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজের মতো করে চলার ইচ্ছা।

নিজের গান, নিজস্ব শব্দচয়ন এবং স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে ধীরে ধীরে শ্রোতা তৈরি করেন। ‘ব্যাড’, ‘রিজনস’, ‘ম্যানিফেস্ট’, ‘টেরর’, ‘সেট ইট অফ’ ও ‘কিল সুইচ’-এর মতো গান প্রকাশ করেন। তাঁর সংগীতে হিপহপের পাশাপাশি রক ও বিকল্প ধারার প্রভাবও রয়েছে। ইংরেজি ভাষায় র‍্যাপ করতেও স্বচ্ছন্দ বোধ করেন তিনি।

‘ধুরন্ধর’ যেভাবে বদলে দিল পরিচিতি
রেবলের ক্যারিয়ারে বড় মোড় আসে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার সংগীতের সঙ্গে যুক্ত হওয়ার পর। সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে কাজের সুযোগ তাঁর কাছে ছিল বলিউডে প্রবেশের নতুন দরজা। এর আগে মূলধারার হিন্দি সিনেমার জন্য কাজ করার অভিজ্ঞতা ছিল না তাঁর।

‘রান ডাউন দ্য সিটি-মনিকা’ গানটিতে রেবলের কণ্ঠ ও র‍্যাপ বিশেষভাবে নজর কাড়ে। একই ছবির ‘নাল নাচনা’ এবং ‘মুভ-ইয়ে ইশক ইশক’ গানেও তাঁর অংশগ্রহণ ছিল। প্রচলিত বলিউডি গানের চেনা সুর ও পরিবেশনার মধ্যে রেবলের কণ্ঠে পাওয়া যায় ভিন্ন এক মেজাজ। তাঁর সংক্ষিপ্ত, ছন্দময় ও দৃঢ় উচ্চারণ গানগুলোকে আলাদা মাত্রা দেয়।

ইন্ডিয়া টুডে অবলম্বনে