নেটফ্লিক্সের সিরিজ থেকে জিসুর ভাইয়ের নাম বাদ

জিসুইনস্টাগ্রাম থেকে

নেটফ্লিক্সের ‘বয়ফ্রেন্ড অব ডিমান্ড’ সিরিজের ক্রেডিট তালিকা থেকে ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসুর বড় ভাইয়ের নাম বাদ দেওয়া হয়েছে। পরিবারের এক সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই—জিসুর এমন বক্তব্যের পরই এই ঘটনা সামনে আসে।

পুলিশ জানায়, এই মাসের শুরুতে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এক নারী স্ট্রিমারকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পরে অনলাইনে দাবি ওঠে, ওই ব্যক্তি জিসুর ভাই এবং তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ব্লিসুর সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

জিসুর আইনজীবী পরিষ্কারভাবে বলেন, এই ঘটনার সঙ্গে জিসু বা তাঁর কোম্পানির কোনো সম্পর্ক নেই। পরিবারের সদস্যরা কখনোই কোম্পানির সিদ্ধান্তে যুক্ত ছিলেন না বা কোনো পারিশ্রমিক নেননি বলেও জানান তিনি।

এদিকে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জিসুর ভাইয়ের নাম সিরিজের ক্রেডিট থেকে সরানো হয়েছে। তবে প্রযোজনা দল জানায়, এটি বিতর্কের কারণে নয়—শুরুতেই একটি ভুল ছিল, যা পরে ঠিক করা হয়েছে।

কে–পপ দুনিয়ায় জিসুর অবস্থান অত্যন্ত শক্তিশালী। তিনি শুধু ব্ল্যাকপিঙ্কের সদস্যই নন, একক শিল্পী হিসেবেও কোরিয়ার সংগীত তালিকায় অন্যতম সফল নাম। তাঁর গান, অভিনয় ও ফ্যাশন উপস্থিতি তাঁকে বৈশ্বিক তারকায় পরিণত করেছে। ফলে তাঁর নাম জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই ঘটনাটি আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে।

জিসু ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠান ব্লিসুর অধীনে একক ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।