‘পটাকা’র পর ফারিয়ার নতুন চমক, সঙ্গে ফুয়াদ

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদিরপ্রযোজনা সংস্থা

বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। পবিত্র ঈদুল আজহায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির।

গানটি প্রকাশ করছে এসভিএফ ও ব্লিং মিউজিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনই এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

‘লোকে বলে’ গানটির নতুন ও পুরোনো—দুই সংস্করণের কথাই লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, গানের ভিডিওতে দর্শকেরা ফারিয়াকে নতুন এক রূপে দেখতে পাবেন।

আরও পড়ুন
বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
প্রযোজনা সংস্থা

২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ তাঁর গাওয়া পঞ্চম একক গান।

বিনোদন অঙ্গনে ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পর যেমন প্রশংসা পেয়েছিল, তেমনি সমালোচনাও হয়েছিল।

আরও পড়ুন
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির
প্রযোজনা সংস্থা

ফারিয়া জানিয়েছেন, যাঁদের গান শুনে বড় হয়েছেন, এমন শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সেই ভাবনারই একটি বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এই নতুন গান। বর্তমানে ফুয়াদ ছাড়াও সঞ্জয়সহ আরও কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গানের কাজ শেষ করেছেন তিনি।

নুসরাত ফারিয়ার প্রথম গাওয়া গান ‘পটাকা’র ভিডিওর দৃশ্য
ইউটিউব থেকে

এদিকে অভিনয়ের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন।