ভাইব–ভক্তদের জন্য নতুন গান আসছে

শুদ্ধ ফুয়াদ সাদীছবি: ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দেড় যুগের বিরতি ভেঙে গানে ফিরছে শূন্য দশকের আলোচিত ব্যান্ড ‘ভাইব’। ব্যান্ডটি হঠাৎ কেন নিষ্ক্রিয় হয়েছিল, ফেরা নিয়ে পরিকল্পনাসহ নানা বিষয়ে গত রোববার ‘বিনোদন’-এর সঙ্গে কথা বলেছেন ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট শুদ্ধ ফুয়াদ সাদী।
প্রশ্ন:

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর শুনছি গানে ফিরছে ‘ভাইব’। কীভাবে, কবে আসছেন আপনারা?

নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া একটু কঠিন। তবে এটুকু বলতে পারি যে এতগুলো বছর পর যেহেতু গান লেখার সাহস করেছি ও সিদ্ধান্ত নিয়েছি, ভাইবের ভক্তদের জন্য কিছু নতুন গান আসছে। আপাতত গান কম্পোজ করছি। শিগগিরই (সাব্বির হোসেন) তূর্য ও আমি গানগুলো নিয়ে বসব। আমার ধারণা, গানগুলো শ্রোতাদের নিরাশ করবে না। গান প্রকাশের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ট্যুরের পরিকল্পনা করছি। যথাসময়ে শ্রোতাদের আমরা জানিয়ে দেব।

প্রশ্ন:

ব্যান্ডটি নিষ্ক্রিয় হয়ে গেল কেন?

কোনো উপায় ছিল না। ব্যান্ডের অধিকাংশ সদস্য উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য দেশ ছাড়তে বাধ্য হন। আরও কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমরা বিরতি নিতে বাধ্য হই।

শুদ্ধ ফুয়াদ সাদী
ছবি: ফেসবুক
প্রশ্ন:

ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন, বাকিরা কে কোথায়?

ভাইবের তিন সহপ্রতিষ্ঠাতার মধ্যে আমি ও তূর্য যুক্তরাষ্ট্রে আছি। সাবের (আহমেদ খান) বাংলাদেশে আছে। তবে তার সংগীতজগতে ফেরার সম্ভাবনা খুবই কম।

শুদ্ধ ফুয়াদ সাদী
ছবি: ফেসবুক
প্রশ্ন:

ব্যান্ডের বাইরে একক গানেও কি আপনাকে পাওয়া যাবে?

একক গানও করব। এ পর্যন্ত আমার দুটি একক গান ‘পরাজিত বীর’ ও ‘নীরব মিছিলে’ প্রকাশ করেছি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শুদ্ধ ফুয়াদ সাদী
ছবি: ফেসবুক
প্রশ্ন:

‘ভাইব’ কবে কীভাবে গঠিত হলো, শুরুর গল্পটা জানতে চাই...

১৯৯৮ সালে ধানমন্ডি ৭-এর একটি আবাসিক কমপ্লেক্সে এই ব্যান্ড যাত্রা শুরু করে। আমি আর তূর্য ‘মেথনিক’ নামে একটি ব্যান্ড করি। ওয়েস্টার্ন হেভি মেটাল কাভারের পাশাপাশি নিজেদের গান লেখা শুরু করি। কিছুদিনের মধ্যেই সাবের ও সৌরভের সঙ্গে পরিচয়। তাদের পর যোগ দেয় ওয়ালি মোহাম্মাদ। পাঁচজনের লাইনআপ নিয়ে তৈরি হয় ‘ভাইব’। মিক্সড অ্যালবাম ছাড়পত্র-তে আমাদের প্রথম গান ‘দূরে দূরে’ মুক্তি দেওয়ার কথা থাকলেও সময়মতো রেকর্ডিং শেষ করতে পারিনি। বেজবাবা সুমন ভাই জোর করায় মিক্সড অ্যালবাম আগন্তুক-এ গানটি মুক্তি পায়।
সৌরভ দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলে ব্যান্ডে যোগ দেয় তানভীর। ভাইবের সঙ্গে বেশ কিছু কনসার্ট করার পর বিদায় নেয় তানভীর। এরপর বেজ গিটারের হাল ধরে সাবের। ব্যান্ডে যোগ দেয় মাশফিক। এই নতুন লাইনআপ নিয়ে তৈরি হয় ‘স্বপ্নদেব’, ‘আশার প্রদীপ জ্বেলে’, ‘মনে পড়ে’, ‘বিধাতারই রঙে আঁকা’, ‘অধরা’, ‘নস্টালজিয়া’, ‘অবাক সব স্বপ্ন’। মাশফিক দেশ ছাড়লে পরে যোগ দেয় (সালেহ হাসান) অনি। নতুন লাইনআপ নিয়ে ‘চেনা জগৎ’, ‘শেষের ওপাশে’, ‘আমার সংবিধান’ গান করি। ২০০৭ সালে মুক্তি পায় ভাইবের প্রথম অ্যালবাম চেনা জগৎ। শ্রোতাদের ভালোবাসায় পরের বছর সিটিসেল–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ব্যান্ডের স্বীকৃতি পায় ‘ভাইব’।

আরও পড়ুন