৯ বছর পর কাজী শুভর নতুন অ্যালবাম

কাজী শুভছবি : শিল্পীর সৌজন্যে

লোকগানের শিল্পী হিসেবেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত কাজী শুভ। তবে সময়ের সঙ্গে আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন। তাঁর গাওয়া ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, যাহার লাগি’, ‘ভুলিয়া না যাইয়ো’, ‘এতো কাছে’সহ বেশ কিছু গান শ্রোতৃপ্রিয়তা পেয়েছে। প্রায় দেড় যুগের সংগীতজীবনে তাঁর একক অ্যালবামের সংখ্যা পাঁচ।

কাজী শুভ
ছবি : শিল্পীর সৌজন্যে

৯ বছর পর ষষ্ঠ একক অ্যালবাম নিয়ে আসছেন শুভ। নতুন অ্যালবামে গানও থাকছে ৯টি। ২৮ সেপ্টেম্বর ‘কেউ বুঝলো না’ নামের অ্যালবামটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

কাজী শুভ
ছবি : শিল্পীর সৌজন্যে

বিরতির পর একক অ্যালবাম প্রকাশ বিষয়ে কাজী শুভ বলেন, ‘এই উদ্যোগ ধ্রুব গুহ দাদার। তিনিই আমাকে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রস্তাব দেন। আমারও ভালো লেগেছিল; কারণ, ৯ বছর পর মানুষ অ্যালবাম আকারে গান শুনবে। এখানে নানা ধরনের গান থাকবে, যেমনটা আমরা আগে অ্যালবামে রাখার সুযোগ পেতাম। আমার আগের সব অ্যালবামে যেমন লোকধাঁচের গান এবং এর বাইরে আধুনিক, মেলো রক ও ড্যান্স ধাঁচের গান ছিল, নতুনটায়ও তাই থাকবে।’

‘কেউ বুঝলো না’ গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন, আলামিন সরকার ও হানিফ খান। সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান।

কাজী শুভর আগের ৫টি অ্যালবামের নাম ‘সাদামাটা’ (২০০৯), ‘সাদামাটা টু’ (২০১২), ‘সাদামাটা থ্রি’ (২০১৪), ‘দাগা’ (২০১৬) ও ‘মায়ার আগুন’ (২০১৬)।