শ্রবণশক্তি কমে যাচ্ছে, প্রথমবারের মতো জানালেন বিটিএসের ভি
বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য ভি জানিয়েছেন, তাঁর ডান কানে শ্রবণশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গতকাল বুধবার এক লাইভে ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেন ৩০ বছর বয়সী এই তারকা। বর্তমানে এ সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন তিনি।
ভি জানান, তাঁর বাঁ কানের শ্রবণক্ষমতা যদি ১০০ শতাংশ ধরা হয়, ডান কানে তা এখন প্রায় ৩০ শতাংশের মতো। অর্থাৎ এক কানে শ্রবণশক্তি অন্য কানের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে।
এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি ভি। লাইভে তিনি জানান, প্রায় আড়াই বছর ধরে এই সমস্যার সঙ্গে লড়ছেন। শুরুতে অবশ্য তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তাঁর ধারণা ছিল, এটি হয়তো ‘মানসিক শক্তির ব্যাপার’। পরে সমস্যা বাড়তে থাকায় চিকিৎসা নেওয়া শুরু করেন।
এখন নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি হাসপাতালে যাচ্ছেন ভি।
সেনাবাহিনীতে থাকার সময় সমস্যা বেড়েছিল
ভির আসল নাম কিম তেহিয়ং। তিনি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন এবং ২০২৫ সালের জুনে দায়িত্ব শেষ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীতে থাকার সময় শ্রবণসংক্রান্ত সমস্যা আরও বেড়ে যায়।
দক্ষিণ কোরিয়ায় শারীরিকভাবে সক্ষম প্রায় সব পুরুষের জন্য ১৮ মাসের সামরিক সেবা বাধ্যতামূলক। বিটিএসের সাত সদস্যকেও ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ে এই দায়িত্ব পালন করতে হয়েছে। ২০২২ সাল থেকে ধাপে ধাপে তাঁরা সামরিক বাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।
দীর্ঘ বিরতির পর এবার আবার সাত সদস্যকে একসঙ্গে মঞ্চে দেখা যাচ্ছে। এ সময়েই ভির শ্রবণশক্তির সমস্যার কথা প্রকাশ্যে এলো।
সাত সদস্যের পুনর্মিলনের সফর
এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়েছে বিটিএসের আরিরাং ওয়ার্ল্ড ট্যুর। বহু বছর পর সাত সদস্যের একসঙ্গে বিশ্ব সফর হওয়ায় এটি ব্যান্ডটির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সফর।
বুধবারের লাইভটি হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কনসার্ট শেষ করার পর। সামনে আরও বেশ কয়েকটি দেশে কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তালিকায় রয়েছে লস অ্যাঞ্জেলেস, বুয়েনস এইরেস, ব্যাংকক, সিডনি ও হংকং।
তবে সফরের মাঝেই শুধু ভি নন, শারীরিক সমস্যার কথা জানিয়েছেন জাংকুকও। একই লাইভে তিনি জানান, সফর চলাকালে শিনে চোট পেয়েছেন। এমনকি তাঁর আশঙ্কা, ঠিকমতো সামলাতে না পারলে চোটটি স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নিতে পারে। পারফরম্যান্স চালিয়ে যেতে হলে তাঁকে চোটটি সতর্কতার সঙ্গে সামলাতে হবে।
গ্র্যামি নিয়েও আলোচনায় বিটিএস
স্বাস্থ্যসংক্রান্ত খবরের পাশাপাশি সম্প্রতি অন্য একটি কারণেও আলোচনায় ছিল বিটিএস। জুলাইয়ে ব্যান্ডটি জানায়, ২০২৭ সালের গ্র্যামি পুরস্কারের জন্য তারা নিজেদের কোনো গান জমা দেবে না।
এর আগে রেকর্ডিং একাডেমি বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দিয়েছিল। নতুন বিভাগকে ঘিরে আলোচনার মধ্যেই বিটিএসের এই সিদ্ধান্ত আসে।
গ্র্যামির প্রধান নির্বাহী হার্ভি মেসন জুনিয়র অবশ্য বলেন, এশিয়া থেকে আসা পপশিল্পীদের বৈচিত্র্য ও সাফল্যকে আলাদা করে উদ্যাপন করতেই নতুন বিভাগটি তৈরি করা হয়েছে। তাঁর মতে, নতুন বিভাগ যুক্ত হওয়া মানে আরও বেশি শিল্পীর কাজ পুরস্কারের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হওয়া।
বিবিসি অবলম্বনে