জুবিন গর্গের মৃত্যুর তদন্তে দুই দেশের ভিন্ন অবস্থান, চলছে মামলা
জীবনকালে মৃত্যু নিয়ে একদিন অদ্ভুত এক কথা বলেছিলেন জুবিন গর্গ। বলেছিলেন, তিনি মারা গেলে আসাম সাত দিন থমকে যাবে। কথাটির মধ্যে ছিল নিজের জনপ্রিয়তা সম্পর্কে আত্মবিশ্বাস, সেই সঙ্গে আসামের মানুষের ভালোবাসার প্রতি গভীর আস্থা। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে তাঁর আকস্মিক মৃত্যুর পর সেই কথা যেন সত্যি হয়ে উঠেছিল। প্রিয় শিল্পীকে শেষবিদায় জানাতে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। শোক ছড়িয়ে পড়েছিল আসামের শহর থেকে গ্রামে। এক বছরের বেশি সময় পেরিয়ে আজ বুধবার, ১৮ নভেম্বর, তাঁর জন্মদিনেও ফিরে এসেছে সেই আবেগ।
আজ জুবিনের জন্মবার্ষিকী। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করার মানুষটি নেই। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মাত্র ৫২ বছর বয়সে মারা যান এই গানের মানুষ। তাঁর মৃত্যুর পর এটি দ্বিতীয় জন্মদিন। তাঁর না থাকার কঠিন বাস্তবতা মেনে আসামের বিভিন্ন স্থানে তাঁকে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুয়াহাটির কাহিলিপাড়ায় তাঁর বাড়ি ও সোনাপুরের স্মৃতিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। তিনি যেন আজ ফিরে এলেন!
জন্মদিনে স্বামীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। আদরের ‘গোল্ডি’–কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর শান্তি ও মঙ্গল কামনা করেছেন তিনি।
‘রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না’
জুবিন গর্গকে বুঝতে হলে ফিরে যেতে হয় তাঁর জীবদ্দশার একটি সাক্ষাৎকারে। লেখক রীতা চৌধুরীর সঙ্গে এক পডকাস্টে নিজের জনপ্রিয়তা, মুম্বাইয়ের জীবন এবং আসামের মানুষের ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি। মৃত্যুর পর সেই সাক্ষাৎকার নতুন করে আলোচনায় আসে।
জুবিন জানিয়েছিলেন, মুম্বাইয়ে দীর্ঘ ১২ বছর কাটিয়েও শহরটির জীবনযাত্রার সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পরও কেন আসামে থাকেন, এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না ।’
সেই আলাপেই নিজের মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছিলেন, তিনি আসামে মারা গেলে সাত দিন সবকিছু থমকে যাবে। কথাটি বলার পেছনে ছিল জন্মভূমির মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। বলিউড তাঁকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছিল, কিন্তু আসামই ছিল তাঁর আপন ঠিকানা।
সাক্ষাৎকারে নিজের স্বাধীনচেতা স্বভাবের কথাও বলেছিলেন জুবিন। জানিয়েছিলেন, পছন্দ না হওয়ায় বড় পরিচালকের ছবিতে গান গাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। কাজের জন্য তাঁকে মুম্বাইয়ে যেতেই হবে, এমন ধারণা মানতে রাজি ছিলেন না। বরং তাঁর বক্তব্য ছিল, কাজ থাকলে মানুষ আসামেই আসুক।
জুবিন জানিয়েছিলেন, মুম্বাইয়ে দীর্ঘ ১২ বছর কাটিয়েও শহরটির জীবনযাত্রার সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পরও কেন আসামে থাকেন, এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না ।’
যে গায়ক হয়ে উঠেছিলেন সবার
জুবিনের জনপ্রিয়তা শুধু গান কিংবা মঞ্চের পরিবেশনায় সীমাবদ্ধ ছিল না। ধর্ম, ভাষা ও পরিচয়ের বিভাজন পেরিয়ে আসামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আপনজন।
আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছিল ইমাম হোসেন নামের এক বাঙালি মুসলিম ট্রাকচালকের কথা। দীর্ঘদিন ধরে আসামের পাহাড়ি পথে ট্রাক চালান তিনি। রাতের নির্জন রাস্তায় তাঁর সঙ্গী ছিল জুবিনের গান। রাজনৈতিক ও সামাজিক বিভাজন সংগীতের প্রতি তাঁর ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়নি।
জুবিন নিজেও জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন। কখনো রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কে জড়িয়েছেন, কখনো প্রশ্ন তুলেছেন প্রচলিত সামাজিক রীতিনীতি নিয়ে। ২০১৯ সালে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাতেও সরব ছিলেন তিনি।
তাঁর বিভিন্ন বক্তব্য ও অবস্থান নিয়ে বিতর্ক হয়েছে। তবে অসমিয়া, বাঙালি, হিন্দু, মুসলিমসহ নানা পরিচয়ের মানুষের কাছে তিনি সমানভাবে পরিচিত ছিলেন। মৃত্যুর পর শেষবিদায়ের অনুষ্ঠানে মানুষের বিপুল উপস্থিতি সেই জনপ্রিয়তারই প্রমাণ দেয়।
‘ইয়া আলী’ থেকে ‘পিয়া রে’, যে কণ্ঠ জয় করেছিল দুই বাংলার হৃদয়
অসমিয়া সংগীতের জনপ্রিয় শিল্পী থেকে বলিউডের পরিচিত কণ্ঠ, সেখান থেকে বাংলা সিনেমার প্রেমের গান—জুবিন গর্গের সংগীতজীবন ছিল বৈচিত্র্যে ভরা । কখনো বিরহ, কখনো প্রেমের আকুতি, আবার কখনো লোকসংগীতের সুরে শ্রোতাদের মাতিয়েছেন। অসমিয়া, হিন্দি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি।
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম জুবিনের। তাঁর বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন সরকারি কর্মকর্তা ও সাহিত্যিক। মা ইলি বরঠাকুর ছিলেন সংগীতশিল্পী। সংগীতের পরিবেশেই বেড়ে ওঠেন জুবিন। ছোটবেলা থেকে শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়ার পাশাপাশি নানা বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পরবর্তী সময়ে গায়ক পরিচয়ের বাইরে সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও অভিনেতা হিসেবেও কাজ করেছেন।
১৯৯২ সালে প্রকাশিত হয় জুবিনের প্রথম অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’। এরপর ‘মায়া’, ‘আশা’সহ একাধিক অ্যালবাম তাঁকে জনপ্রিয় করে তোলে। নব্বইয়ের দশকেই অসমিয়া সংগীতের অন্যতম পরিচিত শিল্পী হয়ে ওঠেন তিনি। আধুনিক গান, লোকসংগীত ও চলচ্চিত্রের গান—সব ক্ষেত্রেই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ।
সংগীতজীবনের বড় বাঁক আসে ২০০৬ সালে। অনুরাগ বসুর পরিচালিত হিন্দি সিনেমা ‘গ্যাংস্টার’-এ তাঁর গাওয়া ‘ইয়া আলী’ গানটি ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রীতমের সুরে গানটির কথা লিখেছিলেন সাঈদ কাদরি। সিনেমায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি, কঙ্গনা রনৌত ও শাইনি আহুজা। জুবিনের স্বতন্ত্র কণ্ঠ ও গায়কির কারণে গানটি শ্রোতাদের মধ্যে বিশেষ জায়গা করে নেয়।
বলিউডে তাঁর যাত্রা অবশ্য শুরু হয়েছিল আরও আগে। নব্বইয়ের দশক থেকেই হিন্দি চলচ্চিত্রে গান গাইছিলেন তিনি। কিন্তু ‘ইয়া আলী’র সাফল্য তাঁকে সর্বভারতীয় পরিচিতি দেয়। পরবর্তী সময়ে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বাতা’ গানেও কণ্ঠ দেন। রাজেশ রোশনের সুরে আলিশা চিনয়ের সঙ্গে গাওয়া গানটিও জনপ্রিয় হয়।
বাংলা গানের সঙ্গে জুবিনের সম্পর্ক ‘পিয়া রে’ দিয়ে শুরু হয়নি। ২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার ‘একটুকু ছোঁয়া লাগে’সহ কয়েকটি গানে কণ্ঠ দেন তিনি। ছবিটির সংগীত পরিচালনাও করেছিলেন। একই বছর ‘প্রেমী’ সিনেমায় তাঁর গাওয়া ‘ও বন্ধু রে’ গানটি শ্রোতাদের নজর কাড়ে।
এরপর আসে ২০০৮ সাল। বাংলা বাণিজ্যিক সিনেমায় তখন দেব ও জিতের জনপ্রিয়তা তুঙ্গে। এমন সময়ে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় ‘চিরদিনই তুমি যে আমার’। ছবির প্রধান দুই চরিত্রে ছিলেন অপেক্ষাকৃত নতুন মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তামিল সিনেমা ‘কাদাল’ অবলম্বনে নির্মিত ছবিটি দুই তরুণ-তরুণীর প্রেম, সামাজিক বাধা ও বিচ্ছেদের গল্প।
ছবিতে রাহুল অভিনয় করেছিলেন কৃষ্ণ চরিত্রে, প্রিয়াঙ্কা ছিলেন পল্লবী। সাধারণ এক মেকানিকের সঙ্গে এক তরুণীর প্রেমের গল্প দর্শকদের আবেগে নাড়া দেয়। সেই আবেগকে আরও গভীর করে জুবিনের গাওয়া ‘পিয়া রে’।
গানটির কথা লিখেছিলেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সংগীতায়োজন করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়। প্রেম হারানোর যন্ত্রণা, আকুতি আর অসহায়ত্ব জুবিনের কণ্ঠে ভিন্নমাত্রা পায়। সিনেমার আবেগঘন দৃশ্যগুলোর সঙ্গে গানটির ব্যবহার দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে রাহুলের চোখের ভাষা ও অভিব্যক্তির সঙ্গে জুবিনের কণ্ঠ মিলে গানটি হয়ে ওঠে ছবির অন্যতম আকর্ষণ।
‘পিয়া রে’ গানটির পেছনেও রয়েছে একটি গল্প । জুবিনের মৃত্যুর পর ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, শুটিংয়ের সময় তাঁরা জানতেনই না দৃশ্যগুলোর সঙ্গে পরে এমন একটি গান যুক্ত হবে। গানটি আলাদা করে তাঁর ঠোঁট মেলানোর জন্য ধারণ করা হয়নি। বরং কৃষ্ণ ও পল্লবীর পালিয়ে যাওয়া, একসঙ্গে সময় কাটানো, বিচ্ছেদ এবং সংঘাতের বিভিন্ন দৃশ্যের সঙ্গে পরে গানটি ব্যবহার করা হয়।
রাহুলের ভাষ্য অনুযায়ী, পরিচালক রাজ চক্রবর্তী ও সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় পরে গানটি যুক্ত করেন। সেই সিদ্ধান্তই ছবির আবেগকে অন্য মাত্রা দেয়।
গানটির জনপ্রিয়তা কতটা দীর্ঘস্থায়ী ছিল, সেটিও জানিয়েছিলেন রাহুল। জুবিনের মৃত্যুর পর বলেছিলেন, ‘পিয়া রে গানটা ছিল আইকনিক। এখনো আমি কোনো রেস্তোরাঁয় খেতে গেলে কিছুক্ষণ পর ওখানকার কর্মীরা বাজিয়ে দেন গানটা। এখনো ওই গানটা দিয়েই মূলস্রোতের দর্শক আমাকে মনে রেখেছেন।’
শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও গানটি রাহুল, প্রিয়াঙ্কা ও জুবিনের মধ্যে বন্ধুত্ব তৈরি করেছিল। রাহুল জানিয়েছিলেন, ২০০৮-০৯ সালে তাঁরা একসঙ্গে বহু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দর্শকের অনুরোধে তাঁকেও প্রায়ই ‘পিয়া রে’ গাইতে হতো। যদিও নিজেকে গায়ক মনে করতেন না। মজা করে বলেছিলেন, জুবিনের মতো গাইতে না পারলেও দর্শকেরা গানটি না শুনে তাঁকে ছাড়তেন না।
জুবিন নিজেও জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন। কখনো রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কে জড়িয়েছেন, কখনো প্রশ্ন তুলেছেন প্রচলিত সামাজিক রীতিনীতি নিয়ে। ২০১৯ সালে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাতেও সরব ছিলেন তিনি।
একই বছর জুবিনের গাওয়া আরও একটি বাংলা গান জনপ্রিয় হয়। দেব ও কোয়েল মল্লিক অভিনীত ‘মন মানে না’ সিনেমার শিরোনাম গানটি জুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেয়েছিলেন তিনি। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গানটি তরুণ শ্রোতাদের মধ্যে পরিচিতি পায়।
পরবর্তী সময়েও বাংলা সিনেমায় গান গেয়েছেন জুবিন। তাঁর গাওয়া বিভিন্ন প্রেমের গান পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় হয়।
জুবিনের সংগীতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অসমিয়া ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। বলিউডে সাফল্য পাওয়ার পরও নিজের ভাষার গানকে কখনো আড়ালে যেতে দেননি। ‘মায়াবিনী রাতির বুকুত’ তাঁর অন্যতম জনপ্রিয় অসমিয়া গান। প্রেম ও স্মৃতিকাতরতার আবহে গাওয়া গানটি পরবর্তী সময়ে তাঁর ভক্তদের কাছে বিশেষ আবেগের জায়গা তৈরি করে।
অন্যদিকে ‘পিয়া রে’ গানটির সঙ্গে জড়িয়ে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। জুবিনের মৃত্যুর কয়েক মাস পর, ২০২৬ সালের ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে শুটিংয়ের সময় পানিতে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুই শিল্পীর মৃত্যুর এই অদ্ভুত মিল তখন নতুন করে আলোচনায় আনে ২০০৮ সালের গানটিকে।
একজনের কণ্ঠ আর অন্যজনের পর্দার উপস্থিতি যে গানকে স্মরণীয় করে রেখেছিল, সেই দুই শিল্পীই এখন প্রয়াত।
মৃত্যুর তদন্তে দুই দেশের ভিন্ন অবস্থান
জুবিন গর্গের মৃত্যুর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ঘটনাটি নিয়ে বিতর্কের অবসান হয়নি। সিঙ্গাপুরের আদালত তাঁর মৃত্যুকে দুর্ঘটনা বলে সিদ্ধান্ত দিলেও ভারতের আসামে সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাস দ্বীপের কাছে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মারা যান জুবিন। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে সংগীত পরিবেশনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। পরদিন তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিন বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে একটি ইয়টে সমুদ্রভ্রমণে বের হন। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
সিঙ্গাপুর পুলিশের তদন্ত অনুযায়ী, ইয়টে প্রায় ২০ জন ছিলেন। প্রথমবার সমুদ্রে নামার সময় জুবিন লাইফ জ্যাকেট পরেছিলেন। কিন্তু সাঁতার কাটার একপর্যায়ে সেটি খুলে ফেলেন। পরে ইয়টে ফিরে আসেন। দ্বিতীয়বার পানিতে নামার আগে তাঁকে আরেকটি লাইফ জ্যাকেট দেওয়া হলেও তিনি সেটি পরতে রাজি হননি।
এরপর একাই ইয়ট থেকে কিছুটা দূরে সাঁতরে যান জুবিন। তাঁকে ফিরে আসতে বলা হলে ইয়টের দিকে ফিরছিলেন। কিন্তু হঠাৎ পানিতে নিস্তেজ হয়ে পড়েন। সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে ইয়টে তুলে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালুসহ জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তে জুবিনের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি উঠে আসে। তাঁর রক্তে প্রতি ১০০ মিলিলিটারে ৩৩৩ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। সিঙ্গাপুর পুলিশের ভাষ্য অনুযায়ী, এই মাত্রার অ্যালকোহল শরীরের ভারসাম্য, সমন্বয়ক্ষমতা ও স্বাভাবিক প্রতিক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
জুবিনের উচ্চ রক্তচাপ ও মৃগীরোগের ইতিহাসও ছিল। মৃত্যুর আগে তাঁর মৃগীরোগজনিত খিঁচুনি হয়েছিল কি না, তা নিয়েও তদন্তে আলোচনা হয়। তবে আদালত জানিয়েছে, এমন কিছু ঘটেছিল বলে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে কোনো ওষুধ, খাবার বা পানীয়ের কারণে তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে, এমন প্রমাণও মেলেনি।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জুবিনকে জোর করে পানিতে নামানো হয়নি, কেউ তাঁকে ধাক্কা দেননি কিংবা উদ্ধারের সময় ইচ্ছাকৃতভাবে পানির নিচে চেপে ধরেননি। উদ্ধার ও হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াতেও অস্বাভাবিক বিলম্বের প্রমাণ পাওয়া যায়নি।
দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২৫ মার্চ সিঙ্গাপুরের স্টেট করোনার অ্যাডাম নাখোদা জুবিনের মৃত্যুকে দুর্ঘটনাজনিত পানিতে ডুবে মৃত্যু বলে সিদ্ধান্ত দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জুবিনকে জোর করে পানিতে নামানো হয়নি, কেউ তাঁকে ধাক্কা দেননি কিংবা উদ্ধারের সময় ইচ্ছাকৃতভাবে পানির নিচে চেপে ধরেননি। উদ্ধার ও হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াতেও অস্বাভাবিক বিলম্বের প্রমাণ পাওয়া যায়নি।
গত ১ এপ্রিল সিঙ্গাপুর পুলিশ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তদন্ত শেষ হয়েছে এবং জুবিনের মৃত্যুতে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে আসামের তদন্তে উঠে আসে ভিন্ন অভিযোগ। জুবিনের মৃত্যুর পর তাঁর পরিবার ও ভক্তদের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আসাম সরকার বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। তদন্ত শেষে ২০২৫ সালের ডিসেম্বরে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত। এই চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। অন্য অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুবিনের আত্মীয় সন্দীপন গর্গ এবং তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য। তবে অভিযোগ আনা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিষয়গুলো ভারতের আদালতে বিচারাধীন।
দুই দেশের তদন্তের ভিন্ন অবস্থান নিয়ে আইনি বিতর্কও তৈরি হয়েছে। সিঙ্গাপুরের আদালতের সিদ্ধান্ত ভারতের বিচারপ্রক্রিয়ায় কীভাবে বিবেচিত হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গত আগস্টে জুবিনের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা সিঙ্গাপুরের করোনার আদালতের প্রতিবেদন ভারতের মামলার নথিতে যুক্ত করার আবেদন করেছিলেন। তবে গৌহাটি হাইকোর্ট সেই আবেদন নাকচ করেন।
এদিকে আসামে মামলাটির বিচার চলছে বিশেষ দ্রুত বিচার আদালতে। গত ৮ জুন বিচার শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪৩ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে আসাম সরকার। মামলায় মোট ৩৯৪ জন সাক্ষীর নাম থাকলেও রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় প্রায় ২৩০ থেকে ২৪০ জনের সাক্ষ্য গ্রহণের পরিকল্পনা করেছে।
সর্বশেষ ৬ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টে মামলাসংক্রান্ত চারটি আবেদনের শুনানি হয়। এর মধ্যে রয়েছে উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত ও ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মার জামিনের আবেদন। অন্যদিকে অমৃতপ্রভা মহন্ত ও সন্দীপন গর্গের জামিন মঞ্জুরের বিরুদ্ধে আবেদন করেছে আসাম সরকার। সুপ্রিম কোর্ট চারটি আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ৩০ নভেম্বর।
ফলে জুবিনের মৃত্যু নিয়ে আইনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সিঙ্গাপুরে তদন্ত ও করোনার আদালতের অনুসন্ধান শেষ হলেও ভারতে ফৌজদারি মামলার বিচার চলছে। অভিযোগগুলোর সত্যতা এবং অভিযুক্ত ব্যক্তিদের দায় নির্ধারণ করবেন ভারতের আদালত।
জন্মদিনে হাজারো কণ্ঠে ‘মায়াবিনী’
জুবিনের জন্মদিন উপলক্ষে এবারও আসামজুড়ে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি মাঠে বড় সংগীতানুষ্ঠানের পরিকল্পনা করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্রায় ১০ হাজার মানুষের একসঙ্গে জুবিনের জনপ্রিয় গান ‘মায়াবিনী’ গাওয়ার কথা।
অনুষ্ঠানে কুণাল গাঞ্জাওয়ালা, জিৎ গঙ্গোপাধ্যায় ও পাপনের মতো সংগীতশিল্পীদের অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন আয়োজকেরা। নতুন শিল্পীদের তুলে ধরার উদ্যোগও রয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর, মৃত্যুর পর প্রথম জন্মদিনে, আসামের কোকরাঝাড়ে প্রায় ২৫ হাজার মানুষের সম্মিলিত কণ্ঠে ‘মায়াবিনী’ পরিবেশনের আয়োজন করা হয়েছিল। প্রিয় শিল্পীর স্মৃতিতে এমন উদ্যোগ ব্যাপক আলোচনায় আসে।
জুবিনের জীবনের শেষ দিকের সেই সাক্ষাৎকারে বলা কথাটি তাই আবারও সামনে এসেছে। তিনি বিশ্বাস করতেন, আসামের মানুষের কাছে তাঁর জায়গাটি আলাদা। মৃত্যুর পর মানুষের প্রতিক্রিয়া এবং পরপর দুটি জন্মদিনে তাঁকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানগুলো সেই সম্পর্কের গভীরতাই তুলে ধরছে। তিনি ফিরে এসেছেন তাঁর প্রিয় ভূমিতে!