প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে এলেন ইমরান মাহমুদুল। এ সময় ১৭টি স্টেজ শো করেছেন এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। ১৮ বছরের সংগীতজীবনে এটি তাঁর সবচেয়ে দীর্ঘ সংগীতসফর। ফিরে এসেই নতুন গান প্রকাশ করেছেন। সিনেমা, অডিও ও নাটকের জন্য আরও অর্ধডজন গানের কাজ চলছে। ইমরানের খোঁজখবর নিলেন মনজুর কাদের

ইমরান মাহমুদুলছবি : ইমরানের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নতুন গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল। ১০ দিনের মাথায় ইউটিউবে গানটির ভিউ প্রায় ৪০ লাখ। এবার একটু ভিন্ন পথে হেঁটেছেন ইমরান। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মিশেলে তৈরি করেছেন নতুন ধরনের আবহ। ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গানটির মাধ্যমে একটু ভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছানো। সাধারণত আমি সিনেমার গান করি, সিনেমার আবহ মাথায় রেখেই গান তৈরি করি। কিন্তু এই গান ও ভিডিও করেছি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ইউটিউবের মন্তব্যগুলো দেখলেও বোঝা যায়, অনেকে বলছেন, নতুন ইমরান, নতুন কিছু করছে। আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেটা পেয়েছি।’

ইমরান মাহমুদুল
ছবি : ইমরানের সৌজন্যে

লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘আমাদের দেশের লোকগান খুব জনপ্রিয়। ভাবলাম, লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীত মিশিয়ে দেখলে কেমন হয়। গানটি এমন হয়েছে, সাধারণ শ্রোতারাও শুনে আনন্দ পাচ্ছেন, আবার নতুন প্রজন্ম সংগীতের পরিবেশনা ও ছন্দের জায়গা থেকে উপভোগ করছে। রিলস, কাভার ও টিকটক ভিডিও থেকেও ভালো সাড়া পাচ্ছি।’

লম্বা সফর, নতুন উপলব্ধি

পেশাদার সংগীতজীবনের ১৮ বছরে এবারই সবচেয়ে দীর্ঘ সংগীতসফর করলেন ইমরান। ৮৫ দিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। অংশ নিয়েছেন ১৭টি স্টেজ শোতে। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ১০টি শো করেছিলেন। ইমরান বলেন, ‘শোও বেশি করেছি, ভালোবাসাও পেয়েছি অনেক। আমাদের পরিবেশনার পরিকল্পনাও ছিল একটু আলাদা। স্টেজ শোর জন্য গানগুলোর সংগীতায়োজন নতুনভাবে করে নিয়ে গিয়েছিলাম। সেগুলোর খুব ভালো সাড়া পেয়েছি।’

ইমরান মাহমুদুল
ছবি : ইমরানের সৌজন্যে

এ সফরে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, নতুন প্রজন্মের তরুণেরাও বাংলা গান শুনছেন। এমনকি অনেক শিশুকেও মা-বাবার সঙ্গে অনুষ্ঠানে আসতে দেখেছেন ইমরান। তিনি বলেন, ‘অনেক পুরোনো শ্রোতা আছেন, যাঁরা ২০০৮ সাল থেকে গান শুনছেন। তাঁদের পাশাপাশি এবার একেবারে তরুণদেরও দেখেছি। তাঁদের সঙ্গে কথা বলেছি। তখন মনে হয়েছে, এই প্রজন্মের জন্যও কিছু করা উচিত। তারা যখন বড় হবে, তখন যেন আমার গান তাদের কাছেও পৌঁছায়। যুক্তরাষ্ট্রে গিয়ে বিষয়টি বেশি উপলব্ধি করেছি।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে আরও কয়েকটি গান তৈরির পরিকল্পনা করেছেন ইমরান, ‘গ্রুভি ধরনের তিন-চারটি গান টানা তৈরি করব, যেগুলো এই প্রজন্মকে লক্ষ্য করে। প্রথমটি প্রকাশিত হয়েছে। আরও তিনটির কাজ চলছে।’

সিনেমা ও নাটকের গান নিয়েও ব্যস্ততা রয়েছে। কয়েকটি কাজের আলোচনা ও প্রাথমিক প্রস্তুতি চলছে। তবে সিনেমার গানের ক্ষেত্রে আগেভাগে কিছু জানাতে চান না ইমরান। কারণ, মুক্তির আগমুহূর্তে গানের ধরন কিংবা চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। নাটকের জন্যও গান করছেন। সব মিলিয়ে সিনেমা, অডিও ও নাটকের জন্য অর্ধডজনের মতো গানের কাজ চলছে।

ইমরান মাহমুদুল
ছবি : ইমরানের সৌজন্যে

তালিকায় অরিজিৎ ও শ্রেয়া

১৮ বছরের সংগীতজীবনে অনেক শিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন ইমরান। পেয়েছেন শ্রোতাদের ভালোবাসা, জনপ্রিয়তা। তবু ইমরান বলেন, ‘আমি এখনো নিজেকে শূন্য থেকেই ভাবি। সত্যি বলতে, স্বপ্ন দেখার শেষ নেই। প্রতিদিন, প্রতিমুহূর্তে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি।’

আন্তর্জাতিক সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে। বিশেষ করে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের সঙ্গে গান করতে চান। ইমরান বলেন, ‘অরিজিতের গান আমার কাছে ওষুধের মতো। যখন থেরাপির প্রয়োজন হয়, তাঁর গান শুনি। এমনকি তাঁর কথা শুনলেও ভালো লাগে। তিনি আমাকে অনেক অনুপ্রাণিত করেন।’

ইমরান মাহমুদুল
ছবি : প্রথম আলো

প্রেমিক ইমরানের গল্পটা ব্যক্তিগত

রোমান্টিক গান গেয়ে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন ইমরান। তাঁর কণ্ঠের প্রেমের গান অনেকের ব্যক্তিগত অনুভূতির সঙ্গী। কিন্তু গানের বাইরে বাস্তব জীবনে কতটা রোমান্টিক তিনি? প্রশ্ন শুনে হেসে ওঠেন এই শিল্পী। তিনি বলেন, ‘প্রেমিক ইমরান কেমন, সেটা আমি বলতে পারব না। প্রেমিকারা বলতে পারবে।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘আমার জীবনে প্রেমিকা একজনই, তাঁর সঙ্গেই আমার জীবন বেঁধেছি। তাঁকে হয়তো পরবর্তী কোনো সাক্ষাৎকারে জিজ্ঞেস করে নিতে হবে। তখন উত্তর পেলে বলতে পারব।’