‘আমরা কমিটির লোক’ টি–শার্টের আসল গল্প
আর্জেন্টিনা জিতলেই একদল ফুটবলপ্রেমীর মুখে শোনা যেত একই কথা-‘ফিফা আছে না!’কেউ বলতেন, ‘সব সেটআপ করা। ’আবার কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করতেন, ‘কমিটির লোকজন কাজ করছে!’ বিশ্বকাপের সেই উন্মাদনার মধ্যেই একদিন আর্জেন্টাইন সমর্থক সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তাঁর বন্ধু দারাজ মাহমুদ মজা করে নিজেদের পরিচয় দেন, ‘আমরা ফিফা কমিটির লোক।’
স্রেফ আড্ডার ছলে আলিফ আলাউদ্দিনের বলা সেই কথাই পরে রূপ নেয় একটি টি-শার্টের ডিজাইনে। আলিফ নিজেই নিজের ব্র্যান্ড বিটজির জন্য টি-শার্টটি ডিজাইন করেন। উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে একটু মজা করা, ফুটবল আড্ডায় বাড়তি আলোচনা যোগ করা। প্রথম দফায় মাত্র সাত-আটজনের জন্য টি-শার্টটি বানানো হয়।
এরপর বন্ধুরা সেই টি-শার্ট পরে সামাজিকমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন। আর তাতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মুহূর্তের মধ্যেই ‘আমরা কমিটির লোক’ লাইনটি ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীদের মুখে মুখে শোনা যায় সংলাপটি, আর টি-শার্টটিও হয়ে ওঠে জনপ্রিয়।
আলিফ আরও বলেন, ‘আমরা সেই টি-শার্ট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটা ছবি শেয়ার করি। এরপর যা হলো, তা সত্যিই কল্পনার বাইরে। মুহূর্তেই দেশজুড়ে ভাইরাল হয়ে গেল “আমরা কমিটির লোক”। পরে দেখি অনেক অনলাইন স্টোর একই লাইন, একই ডিজাইন, এমনকি কোথাও কোথাও সামান্য পরিবর্তন করে টি-শার্ট বিক্রি শুরু করেছে।’
তবে ভাইরাল হওয়ার আনন্দের পাশাপাশি একটি আক্ষেপও রয়ে গেছে আলিফ আলাউদ্দিনের। তিনি বলেন, ‘আইডিয়া কপি হয়েছে, সেটাও একভাবে মেনে নেওয়া যায়; কিন্তু সবচেয়ে খারাপ লাগে, এই আইডিয়ার যে উৎস, সেই স্বীকৃতিটুকুও হারিয়ে গেছে। ভাইরাল হওয়ার আনন্দের সঙ্গে সেই আক্ষেপটাও থেকে গেছে।’