প্লেব্যাক ছাড়ার পর কনসার্টে অরিজিৎ বললেন, ‘আমি খুব নার্ভাস’
সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন অরিজিৎ সিং। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ মঞ্চে দেখা গেল তাঁকে।
গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক লাইভ কনসার্টে হাজির হন তিনি। প্লেব্যাক ছাড়ার পর প্রথমবারের মতো কোনো কনসার্টে পাওয়া গেল তাঁকে।
গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সুরকার, সেতারবাদক অনুষ্কা শঙ্কর ও পারকাশনবাদক বিক্রম ঘোষের সঙ্গে গান পরিবেশন করেন অরিজিৎ। অনুষ্কা শঙ্কর তাঁকে মঞ্চে স্বাগত জানালে আবেগাপ্লুত অরিজিৎ বলেন, ‘আমি খুব নার্ভাস। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’
সন্ধ্যায় অরিজিৎ গেয়েছেন ‘মায়া ভরা রাতি’; লক্ষ্মী শঙ্করের কণ্ঠে গাওয়া ও পণ্ডিত রবি শঙ্করের সুর করা জনপ্রিয় বাংলা ক্ল্যাসিক।
পরে অনুষ্কার সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন ‘ট্রেসেস অব ইউ’। অনুষ্কার সুরের গানটি নোরা জোন্সের গাওয়া।
কনসার্টের ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও সংগীতপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে।
গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ ঘোষণা দেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গান করবেন না। অরিজিৎ সিং লিখেছেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ।’
২০০৫ সালে ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়েও সেরা পাঁচে জায়গা পাননি তিনি। ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে নজরে আসেন।
২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির জন্য ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। ২০১১ সালে ‘মার্ডার ২ ’-এর ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের।
২০১৩ সালে ‘আশিকি ২ ’-এর ‘তুম হি হো’ তাঁকে পৌঁছে দেয় তারকাখ্যাতির চূড়ায়। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবে পরিচিত অরিজিৎ।