সেদিন মনে হয়েছিল, কুয়েতের সবকিছু ছেড়ে দেশে আসাটা সার্থক
বাংলা গানের টানে কুয়েত ছেড়ে বাংলাদেশে এসেছিলেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। অংশ নিয়েছিলেন ২০০৯ সালে রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায়। বিচারক ও দর্শক রায়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। তার পর থেকে গান নিয়ে ছুটে চলা চলছে। চলচ্চিত্রের গান, স্টেজ শো, নাটকের গান, অডিও মাধ্যম—সবখানে ব্যস্ত সময় পার করছেন। জন্মদিনেও যেন সেই গান দেয় না অবসর। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা বললেন তিনি।
প্রশ্ন :
শুভ জন্মদিন...
ধন্যবাদ।
প্রশ্ন :
দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা থাকে?
হ্যাঁ, পরিকল্পনা তো থাকেই। বন্ধু, সহকর্মী, পরিবারের সবাই অনেক পরিকল্পনা করেন। সবাই দিনটি উদ্যাপন করতে চান। মায়ের রান্না, পারিবারিক অন্যান্য আয়োজনে দিনটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ইচ্ছে করে। কিন্তু এবার আর জন্মদিনে প্রিয়জনদের সঙ্গে থাকা হচ্ছে না। আমি এখন (শনিবার দুপুরে) ফেনীর সোনাগাজীতে একটা স্টেজ শোতে যাচ্ছি। সেখানেই ভক্তদের সঙ্গে দিনটি ভালো কাটবে, আশা করি। এর আগেও একবার জন্মদিনে রাজশাহীতে স্টেজ শো ছিল। সেখানে ভক্তদের সঙ্গে দিনটি দারুণ কেটেছিল। ভক্তরা চিরকুট, ফুল, বার্থডে কার্ডসহ নানা কিছু উপহার দিয়েছিলেন। তাঁরাও কিন্তু আমার একটি পরিবার। বিশেষ দিনে তাই তাঁদের সান্নিধ্যটা ভীষণ আনন্দের।
প্রশ্ন :
জন্মদিনে ভক্তদের কাছ থেকে পাওয়া স্মরণীয় কোনো উপহারের কথা মনে পড়ে?
একটি চিরকুট আমাকে দারুণ আন্দোলিত করেছিল। ঘটনাটা ২০১৩ সালের। স্টেজ শো শেষ করে মাত্র নামছি। তখনই ভক্তের কাছ থেকে একটি চিঠি পাই। সেখানে লেখা ছিল, যার সারসংক্ষেপ এমন, ‘আপু, আপনি আমার ভীষণ পছন্দের শিল্পী। গান গাওয়ার পাশাপাশি আপনার মানুষকে ভালোবাসা ও দেশপ্রেমটা আমাকে নাড়া দিয়েছে। যে কারণে আপনি আমার প্রিয় শিল্পী।’ আমি অবাক হয়েছিলাম এই ভেবে, আমার দেশে ফেরার কারণটা ভক্ত মনে রেখেছেন।
প্রশ্ন :
আপনার দেশে ফেরার বিশেষ কোনো কারণ ছিল?
কুয়েতে ছোটবেলা থেকে গাইতাম। ওখানে এমন কোনো মঞ্চ নেই, যেখানে গাওয়া হয়নি। কিন্তু মনে মনে চাইছিলাম বাংলা গান নিয়ে নিজের দেশ বাংলাদেশে কিছু করতে। আর এ জন্যই কুয়েত ছেড়ে দেশে এসেছিলাম। শুধু দেশের প্রতি ভালোবাসা থেকেই সব ছেড়ে বাংলাদেশে, বাংলা গান নিয়ে থাকতে চেয়েছিলাম। একটা সময় আমার দেশে ফেরার ব্যাপারটা সবাই বুঝতে পেরেছিল। এই দিকটা রিকগনাইজ করায় আমার কাছেও খুব ভালো লেগেছিল। যেদিন সবাই বুঝতে পেরেছিল, সেদিনই মনে হয়েছিল, কুয়েতের সবকিছু ছেড়ে বাংলাদেশে আসাটা সার্থক। কুয়েতে আমি লাক্সারি, কমফোর্ট জীবন যাপন করতাম। বাংলাদেশে এসে সব নতুন করে শুরু করতে হয়েছে। যখন শুনি একজন ভক্ত তাঁর মেয়ের নাম রেখেছেন কোনাল, এক ভক্ত ডায়েরির শত শত পেজে আমার ছবি, কাজের খবর দিয়ে বাঁধাই করে রেখেছেন, অনেকেই জন্মদিনে বাসায় উপহার পাঠান—ভক্তদের এসব ভালোবাসা সব সময়ই মুগ্ধ করে।
প্রশ্ন :
অনেকের মতে, জন্মদিন মানেই বয়স বেড়ে গেল, জীবন থেকে একটি বছর চলে গেল। আপনার কাছে দিনটা কি কখনো মনে হয় বিশেষ?
জন্মদিন মানেই তো শেষের দিকে আগানো। মৃত্যুর দিকে আগানো। মনে করিয়ে দেয়, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আবার এটাও মনে করিয়ে দেয়, জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ। এই জীবনে তো কত কিছুই পেলাম।
প্রশ্ন :
শৈশবের জন্মদিনটা কেমন কেটেছে? দিনগুলো মিস করেন?
শৈশবে জন্মদিন কুয়েতে কেটেছে। সেখানে অনেক বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন ছিল। তাদের কাছে আমি খুবই পছন্দের ছিলাম। সবাই খুব আদর করতেন। সেই দিনগুলো যেমন আমি মিস করি, তেমনি এখন যেমন ভক্তদের নিয়ে, টেলিভিশনে, নানা প্রোগ্রামে সময় কাটে, এটাও আমার কাছে অনেক ভালো লাগে। তা ছাড়া এত এত শুভাকাঙ্ক্ষী জন্মদিনে ভালোবাসা জানান, আমাকে নিয়ে অনেক কিছু লেখেন, অনেক লেখা ইমোশনাল করে দেয়।
প্রশ্ন :
কুয়েত ছেড়ে যখন গান গাওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন, তখন কি মনে হয়েছিল, সংগীতশিল্পী হিসেবে খ্যাতি পাবেন? নিজের আলাদা একটা অবস্থান হবে?
এত মানুষের ভালোবাসা পাব, কখনোই ভাবিনি। এই কারণে আমি প্রতিমুহূর্তে ভক্তদের কাছে চিরকৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসায় আমার মাথা নুয়ে যায়। সবার মতো আমি আজীবন শুধু ভালোবাসাই চেয়েছি। মাঝেমধ্যে মনে হয়, আমি কি আসলেই এত ভালোবাসার যোগ্য! আমি সব সময় চেয়েছি দায়বদ্ধতার জায়গা থেকে ভালোবাসার মান রাখতে।
প্রশ্ন :
সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার পর তো চাইলেই বাংলাদেশ ছেড়ে যেতে পারতেন...
আমি অবশ্যই চলে যেতে পারতাম। কুয়েত থেকেও বাংলা গানের চর্চা চালিয়ে যেতে পারতাম। কিন্তু আমি তা করিনি। আমি দর্শক, শ্রোতাদের কাছে কমিটেড ছিলাম। যে কারণে আমি এখানেই সেটেলড হয়েছি। একটা পর্যায়ে মা–বাবাকেও দেশে ফেরত নিয়ে এসেছি। এ জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু ভক্তদের কাছ থেকে পেয়েছি। ভক্তদের ভালোবাসা গানে গানেই দিয়ে যেতে চাই।