হ্যাকারদের কবলে ফাহমিদা নবীর ফেসবুক পেজ, ব্লক করেছে তাঁকেই
১৫ বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। এ সময়ে একবার তাঁর ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। দ্রুততম সময়ে তা উদ্ধার করা হয়। কিন্তু এবার একসঙ্গে দুটি পেজ হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। দুই দিন ধরে ‘ফাহমিদা নবী’ ও ‘ফাহমিদা নবীস ডায়েরী’ নামের দুটি পেজ শিল্পীর নিয়ন্ত্রণে নেই। এ নিয়ে ভীষণ মন খারাপ এই সংগীতশিল্পীর।
প্রথম আলোকে আজ মঙ্গলবার দুপুরে ফাহমিদা নবী বলেন, ‘কিছুদিন ধরে অন্য একটি মেইল আইডি থেকে নানাভাবে আমাকে ডিস্টার্ব করছিল, বিষয়টা আমি ওভাবে বুঝতে পারিনি। এরপর দেখলাম, রোববার আমার পেজ আমার নিয়ন্ত্রণে নেই। শুরুতে তো আমি বুঝতেও পারছিলাম না, আসলে কী হচ্ছে। আমি কিছুদিন ধরে দেখছিলাম, প্রতিদিন আমার লেখা চুরি হচ্ছে। আমার পেজে আপলোড করা লেখা অন্যরা নিজের নামে চালিয়ে দিচ্ছে। অন্যসব জায়গায় আমার লেখা থাকলেও পোস্ট করা লেখা আমার পেজে নাই! এসব দেখে সন্দেহ বাড়তে থাকে। পরে গত রোববার থেকে পেজে ঢুকতে পারছিলাম না।’
‘দুঃখের পথে পথে, ভেবেছি ভুলে যাব সবাইকে’—এভাবে গাওয়া ছাড়া আমার এখন আর কিছুই করার নেই, হাসতে হাসতে বলছিলেন ফাহমিদা নবী। তিনি বলেন, ‘দুটি পেজের মাধ্যমে আমি মানুষের মাঝে ইতিবাচকতা ছড়াতে চেয়েছি। সব সময় বলার চেষ্টা করেছি, যত কষ্ট হোক তবু তুমি উঠে দাঁড়াবার চেষ্টা করো। যেসব পেজ থেকে এ ধরনের লেখা লিখতাম, সে পেজে আজ আমিই ঢুকতে পারছি না!’
জানা গেছে, ২০১৭ সালে ফাহমিদা নবীস ডায়েরী পেজ চালু করেন ফাহমিদা নবী। তিনি বললেন, ‘এখন মনে হচ্ছে, বেশ কয়েক দিন ধরে পেজ দুটি হ্যাক করার চেষ্টা চলছিল। আমি তো আসলে এত কিছু বুঝতেও পারিনি। ভাবছি আজকে লিখব, যে পেজে আমি এত দিন মনের সব কথা লিখতাম, আজকে না–হয় আমার প্রোফাইলে লিখব। লেখা তো আর থামায়ে দিতে পারবে না কেউ। পেজ হ্যাক করছে, মনকে তো হ্যাক করতে পারবে না। মন তো বিবাগি।’
এদিকে ফাহমিদা নবী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এ মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’
জানা গেছে, পেজ দুটি উদ্ধারে আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইবেন।