ইতিহাস গড়ল কোল্ডপ্লে

গাইছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। রয়টার্স ফাইল ছবি

একটার পর একটা রেকর্ড ভেঙে মিউজিক অব দ্য স্ফিয়ার্স ট্যুর শেষ করল কোল্ডপ্লে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডটির বর্ষশেষ কনসার্ট ছিল গত শুক্রবার। এদিন রাতে ব্যান্ডটি গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এই শোই প্রথম, যেখানে নবায়নযোগ্য জ্বালানি থেকে এসেছে পুরো বিদ্যুৎ, একটিও জেনারেটর ব্যবহৃত হয়নি। কনসার্টটি হওয়ার কথা ছিল আগেই; কিন্তু লন্ডনের পরিবহনশ্রমিকদের ধর্মঘটে এক সপ্তাহ পিছিয়ে যায়। এদিন গানের ফাঁকে ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি জানি, এতে (কনসার্টের তারিখ বদল) অনেকেরই অসুবিধা হয়েছে। তবে সব উশুল করে দিতে আমরা এমন একটি শো করব, যা আগের যেকোনো কনসার্টের চেয়ে ১৫ গুণ ভালো হবে।’

রেকর্ডভাঙা শো
২০২২ থেকে ২০২৫ পর্যন্ত ওয়েম্বলিতে ১৬টি কনসার্টের রেকর্ড গড়েছে কোল্ডপ্লে। ২০২২ সালে ছয়টি শো এবং চলতি বছরের ২২ আগস্ট থেকে ১০টি টানা শো করেছে ব্যান্ডটি। শুধু ওয়েম্বলিতেই ৮ লাখের বেশি দর্শক টেনেছে তারা। এভাবেই তারা ছাড়িয়ে গেছে টেইলর সুইফট, টেক দ্যাট, ওয়েসিস ও মাইকেল জ্যাকসনকে। স্টেডিয়ামটিতে ৮টি করে কনসার্ট করেছেন টেইলর সুইফট ও ব্যান্ড টেক দ্যাট। আর মাইকেল জ্যাকসন ও ওয়েসিস করেছে ৭টি করে শো।

গাইছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। রয়টার্স ফাইল ছবি

আবেগে ভেসেছেন ভক্তরা
ভক্তদের কাছে কোল্ডপ্লের কনসার্ট মানেই আলাদা কিছু; স্বতঃস্ফূর্ততা আর মঞ্চে হাস্যরসাত্মক নানা কাণ্ডকীর্তি দিয়ে মাতিয়ে রাখে তারা। এদিনের কনসার্টেও ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিস মার্টিন; ব্যান্ডের অন্য সদস্যদের নিয়েও হাসি-ঠাট্টা করেছেন। তবে কনসার্টের শেষ ভাগে আবেগাপ্লুত হয়ে পড়েন গায়ক, বারবার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভক্তরাও প্রতিটি গানে গলা মিলিয়েছেন, শেষ ভাগে চোখ হয়েছে অশ্রুসিক্ত, কারণ এ কনসার্টের পর দীর্ঘ বিরতিতে যাচ্ছে কোল্ডপ্লে।

অতিথি শিল্পীরাও মাতিয়েছেন
এদিন ওয়েম্বলির শোতে শুধু কোল্ডপ্লে নয়, অতিথি শিল্পীদের পরিবেশনাও মুগ্ধ করেছে দর্শকদের। ভেনেজুয়েলার যুব সংগীতদল সাইমন বলিভার অর্কেস্ট্রা আর ফিলিস্তিনি-চিলিয়ান গায়িকা ইলিয়ানা পারফর্ম করেন।

আরও পড়ুন

ট্যুরের বিস্তৃতি
২০২২ সালে শুরু হওয়া ট্যুরটি ইতিমধ্যে বিশ্ব পরিভ্রমণ করেছে চারবার; অংশ নিয়েছে দুই শতাধিক শোতে। বিক্রি হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি টিকিট—যা এটিকে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির ট্যুরে পরিণত করেছে। ৬ সেপ্টেম্বরের শোতে ক্রিস মার্টিন ঘোষণা করেন, ট্যুরে আরও ১৩৮টি শো যুক্ত হবে, যাতে মোট শো দাঁড়াবে ৩৬০-এ। ফলে এটি সম্ভবত টেইলর সুইফটের দ্য ইরাস ট্যুরকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ আয় করা ট্যুরে পরিণত হবে। মঞ্চে দাঁড়িয়ে মার্টিন জানান, দেড় বছর পর এ যাত্রা আবার শুরু হবে, আফ্রিকা থেকে।

রেকর্ড আয়ের পথে
বিলবোর্ড বক্সস্কোরের তথ্য অনুযায়ী, ট্যুরের প্রথম ২১১টি শো থেকে কোল্ডপ্লে আয় হয়েছে ১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বাকি শোগুলো ২০২৭ সালে শুরু হলে মোট আয় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।