এক দশক পর হিলারি ডাফের ফেরা
এক দশকের বেশি সময় পর অ্যালবাম নিয়ে ফিরলেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী হিলারি ডাফ। গত শুক্রবার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘লাক...অর সামথিং’ প্রকাশ করেছেন তিনি।
‘কাম ক্লিন’, ‘সো ইয়েস্টার ডে’, ‘ওয়েক আপ’—এর মতো গানে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন এই তারকার। ২০১৫ সালে পঞ্চম অ্যালবাম ‘ব্রিদ ইন, ব্রিদ আউট’ প্রকাশের পর গান থেকে বিরতির নেন হিলারি ডাফ। অভিনয়ে মন দেন তিনি।
এর আগে চতুর্থ অ্যালবাম ‘ডিগনিটি’ প্রকাশের পর ২০০৭ সালের জুলাই থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড ট্যুর করেন তিনি। এরপর আর তাঁকে বড় কোনো ট্যুরে পাওয়া যায়নি।
প্রায় দেড় যুগ পর এই বছরের শুরুতে মিনি ট্যুর ‘স্মল রুমস, বিগ নার্ভস’ শুরু করেন তিনি। ট্যুরে ‘লাক...অর সামথিং’ অ্যালবামের গানও গাইবেন হিলারি ডাফ।
এ বছরের জুনে লাক মি ট্যুরে বের হবেন তিনি। ট্যুরটি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ট্যুরে যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মেক্সিকোতে গাইবেন তিনি।
গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি ডাফ জানান, নতুন অ্যালবামে নিজের জীবনকে খোলা বইয়ের মতো মেলে ধরবেন তিনি। তিনি বলেন, ‘আমার জীবনে নানা টানাপোড়েন রয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, ‘এখন কেন শেয়ার করছি? কারণ, আমি এখন নিজেকে প্রস্তুত মনে করছি।’
‘লাক...অর সামথিং’ অ্যালবামে ‘ম্যাচিউর’সহ বেশ কয়েকটি গান রয়েছে। গানটিতে সম্পর্কের কথা বলেছেন সংগীতশিল্পী। অ্যালবামের আরেক গান ‘উই ডোন্ট টক’ গানটিতে তাঁর বোনের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব তুলে এনেছেন।
ইনকোয়ারার অবলম্বনে